নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘদিন ধরেই ভুগছিলেন ফুফুসের সমস্যায়। তাই শারীরিক অবস্থার অবনতি হলেই ভর্তি করা হত দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে। কিন্তু এদিন তিনি আর দিলেন না সেই সময়। বৃহস্পতিবার বালিগঞ্জের পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷
বলা বাহুল্য, হাসপাতালে যেতে অপচ্ছন্দ করতেন বুদ্ধবাবু। কার্যত জোর করেই তাঁকে প্রতিবার ভর্তি করা হত হাসপাতালে। তবে সেখানে তিনি বেশিদিন থাকতে চাইতেন না। সেইজন্য পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য ছোটখাটো হাসপাতালের মত ব্যবস্থা করা ছিল। একথায় বুদ্ধবাবু নিজের বাড়িতেই থাকতে বেশি পচ্ছন্দ করতেন। তাই এদিন সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই জ্বর সহ শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য৷ চিকিৎসকেরা তাঁর বাড়িতে এসেই প্রাথমিক পরীক্ষানিরীক্ষা করত। বুধবার রাতে তাঁকে পরীক্ষা করেন চিকিৎসকেরা। সেইসময় বুদ্ধবাবুর অবস্থা স্থিতিশীল ছিল। তবে আচমকাই বৃহস্পতিবার সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় হাসপাতালে। আসে ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুল্যান্সও৷ কিন্তু এবার আর বুদ্ধবাবুকে যেতে হল না হাসপাতালে। নিজের পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধবাবু। রেখে গেলেন স্ত্রী এবং এক সন্তানকে।