নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে ভারাক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়। বরাবর তাদের মধ্যে ছিল সুসম্পর্ক। বৃহস্পতিবার বুদ্ধবাবুর প্রয়াণে স্মৃতিচারণ করলেন সৌরভ। বলেন, ‘ বুদ্ধদেব ছিলেন খেলাপাগল মানুষ। আমি যখন ভারতের অধিনায়ক ছিলাম সেইসময় ওনার সঙ্গে বিস্তর আলোচনা হত। আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল।‘
পাশাপাশিই সৌরভ জানিয়েছেন, ‘ বুদ্ধবাবুর সঙ্গে আলোচনা হলেও কোনদিন রাজনীতি নিয়ে কোন কথা হয়নি। এতটাই উদারতা ছিল ওঁর মধ্যে। ‘ এদিন লর্ডসের মাটিতে সেঞ্চুরি নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে সৌরভ বলেন,’ লর্ডস থেকে অভিষেক টেস্টে সেঞ্চুরি করে কলকাতায় সবে ফিরেছি। বিকেলে মহাকরণ থেকে আমাদের বাড়ির ল্যান্ডলাইনে ফোন এল ওপাশ থেকে তিনি শুরু করলেন, সৌরভ বলছেন, আমি আপনার লর্ডসের ইনিংস দেখেছি। খুব ভাল খেলেছেন। আপনাকে পরে আবার ফোন করব, সরকার থেকে আপনাকে সংবর্ধনা দেবে, সেটা জানিয়ে দেওয়া হবে।‘ খুব মেঁপে কথা বলতেন বলে জানিয়েছেন সৌরভ।
উল্লেখ্য, বুদ্ধদেবের সঙ্গে সৌরভের শেষ বার দেখা বা কথা হয়েছে ২০০৮-’০৯ সালে। এরপর তাদের মধ্যে কোন কথা হয়নি। মানুষ বুদ্ধদেবের প্রতি তাঁর অবিমিশ্র শ্রদ্ধা ছিল । এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোক সমবেদনা জানিয়েছেন সৌরভ।