নিজস্ব প্রতিনিধি: বউমা-শাশুড়ির যুদ্ধে রক্তারক্তি কাণ্ড ঘটল ময়নাগুড়ি ব্লকের রামসাই গ্রামে। হাতাহাতির এক পর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে কোপ বসায় শাশুড়ি। আর তাতেই গুরুতর আহত হন বৌমা। ঘটনার জল গড়াল থানা পর্যন্ত। ঘটনায় থমথমে এলাকা।
পুলিশ জানিয়েছে, বউমা বর্তমানে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছে। আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। অন্যদিকে, শাশুড়ি তুলসী রায় সৎ ছেলে ও বৌমার বিরুদ্ধেই ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন।তদন্তে করে খতিয়ে দেখছে তারা। এই ঘটনায় অপরাধীকে কড়া শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সময় উপস্থিত ছিল সৎ ছেলে। বাধা দিতে গিয়ে আহত হয়েছেন তুলসী রায়ের সৎ ছেলে শ্যামল রায়ও। বর্তমানে তিনি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।
এই নিয়ে তুলসি রায়ের সৎ ছেলে শ্যামল জানান, ‘মায়ের উপর কেউ হামলা চালায়নি। এই অভিযোগ ভিত্তিহীন। মা মিথ্যে অভিযোগ করেছে। আমার স্ত্রীর উপর চড়াও হয়েছে মা। তার একটি আঙুল কেটে গিয়েছে।মাথায় কোপ মেরেছে।আমাকেও বাদ দেয় নি। রক্তাক্ত করেছে আমাদের। মায়ের কড়া শাস্তির দাবি করছি। আমাদের উপর হওয়া অন্যায়ের বিচার হোক।’
শ্যামল আরও বলেন, ‘তার মা তুলসী রায় হল তার সৎ মা। তাই দু চক্ষে সহ্য করতে পারত না আমাদের। আমার বৌকেও জ্বালিয়েছে অনেক। পেটের সন্তান নয় বলে অমানবিক অত্যাচার করত আমাদের উপর।’
জানা গিয়েছে, ধারালো অস্ত্রের কোপে বৌমা ডলি রায়ের আঙুল কেটে ফেলার অভিযোগ উঠেছে শাশুড়ির বিরুদ্ধে। অপর দিকে ছেলে ও বৌমার বিরুদ্ধে ধারালো অস্ত্র দিয়ে দু হাতে কোপ মারার অভিযোগ তুলেছেন শাশুড়ি। তবে অভিযোগ অস্বীকার করেছেন ছেলে শ্যামল।