নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: রাজ্যে নতুন করে জাপানি এনকেফেলাইটিসের (Encephalitis) থাবা। ইতিমধ্যেই দুজনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে সুত্রের খবর। তবে এনকেফেলাইটিসেই (Encephalitis) মৃত্যু হয়েছে কিনা সেই বিষয়ে এখনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। কিন্তু এই মৃত্যুর খবর সামনে আসার পরেই জলপাইগুড়ি সদর ব্লকে দু’টি শুয়োরের খামার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
জানা গিয়েছে, মৃত্যুর খবর সামনে আসার পরে দেখা মাত্র শুয়োর মেরে ফেলার নির্দেশ, দিয়েছেন জলপাইগুড়ি সদর ব্লক প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিক। জানা গিয়েছে, যারা এই রোগে আক্রান্ত হয়েছেন, তারা দুজনেই জলপাইগুড়ির সদর ব্লকের পাহাড়পুর ও বাহাদুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। ইতিমধ্যেই এই রোগ প্রতিরোধ করতে জলপাইগুড়ি সদর ব্লকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। কিউলেক্স মশার মাধ্যমে বাহিত হয় এই রোগ।
আশঙ্কা করা হচ্ছে, পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ঊষা রায়ের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হচ্ছে। অন্যদিকে, বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের একজন এই রোগে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে আইসিইতে ভর্তি রয়েছেন।
আক্রান্ত এবং মৃতের বাড়ি থেকে পাঁচ কিলোমিটার রাস্তা হটস্পট ঘোষণা করা হয়েছে। ওই এলাকায় কেউ জ্বরে আক্রান্ত হয়েছেন কিনা সেই বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। পতঙ্গ বিষয়ক এবং প্রাণী সম্পদ বিকাশ বিষয়ক দফতরকে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য দফতর। আর কেউ এনকেফালাইটিসে (Encephalitis) আক্রান্ত হয়েছেন কিনা জানতে তৎপর প্রশাসন। রোগ যাতে ছড়িয়ে না পড়ে সেদিকে ব্যবস্থা নেওয়া হচ্ছে।