আন্তর্জাতিক ডেস্ক: প্রতারক জামাইকে খোঁজার জন্য পুরস্কার স্বরূপ ১০ হাজার টাকা দেওয়ার ঘোষণা করল শাশুড়ি আনোয়ারা বেগম। এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের নাটোর বড়াইগ্রামে। জানা গিয়েছে, তাঁর জামাইয়ের নাম সিয়াম হোসেন, বয়স ২৪ বছর।
গতকাল অর্থাৎ শুক্রবার উপজেলার জোনাইল বাজারে জনসম্মুখে শাশুড়ি আনোয়ারা বেগম ওই ঘোষণা করেন।
জানা গিয়েছে, আনোয়ারার মেয়ে আলো খাতুন তাঁর স্বামী সিয়াম হোসেনের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছেন।
এই বিষয় আনোয়ারা বেগম জানিয়েছন, “চার বছর আগে আমার মেয়ে আলো খাতুনের (২২) সঙ্গে দোলন গ্রামের কিরন আলির ছেলে সিয়াম হোসেনের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সিনথিয়া খাতুন (০১) নামের কন্যা সন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর থেকেই মেয়ে ও জামাই আমার বাড়িতেই বসবাস করে। সিয়াম জোনাইল বাজারের আহসানের গহনার দোকানে কাজ করতো।
তিনি আরও বলেন, “গত রমজান মাসে জুয়েলারির দোকান থেকে ৬০ ভরি রুপো নিয়ে পালিয়ে যায়। এসময় বাজারের একটি মেয়েকেও সঙ্গে নিয়ে গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এদিকে সিয়ামের মা তার ছেলেকে গুম করা হয়েছে বলে আমার ও জুয়েলারি দোকান মালিক আহসানের নামে থানায় অভিযোগ করেছেন।”
আনোয়ারা বলেন, “আমরা গরিব মানুষ। নাতনি ও মেয়েকে নিয়ে কোনও রকমে জীবন যাপন করছি। নাতনি বাবার জন্য কান্নাকাটি করে। জুয়েলারি দোকান মালিক রুপো ফেরত চেয়ে চাপ সৃষ্টি করছে। আবার তার মা অভিযোগ করেছেন। আমরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি। তাই যদি কেউ আমার জামাইয়ের সন্ধান দিতে পারে তাঁকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।”
এই বিষয় সিয়ামের মা রোশনা বেগম জানিয়েছেন, “আমার ছেলেকে গুম করে এখন নাটক করছে বিয়াইন। দ্রুত আমার ছেলের সন্ধান দিতে হবে।”