নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মাছের রাজা ইলিশ খেতে পছন্দ করেন না, এমন বাঙালি খুঁজে পাওয়া কঠিন। বিশেষ করে বর্ষাকালে পদ্মার ইলিশের স্বাদ চাখতে সারা বছরই প্রতীক্ষায় থাকেন মৎস্যপ্রেমী বাঙালি। কিন্তু রূপালি শস্য ক্রমশই আম বাঙালির নাগালের বাইরে চলে যাচ্ছে। ট্যাঁকের জোর না থাকা সাধারণ বাঙালি বাজারে গিয়ে ইলিশের গন্ধ নিয়ে কিংবা দরদাম করেই দুধের স্বাদ ঘোলে মেটানোর কাজটা করতে বাধ্য হন। তা ভনিতা ছেড়ে এবার খবরে আসা যাক। পদ্মার ইলিশ শুধু ওপার বাংলার বাঙালির কাছে সোনার পাথরবাটি হয়ে উঠছে না, এপারের আমজনতারও সাধ্যের বাইরে চলে যাচ্ছে। আজ শনিবারই (১৬ অগস্ট) পদ্মা নদী থেকে তোলা এক আড়াই কেজির ইলিশ বিক্রি হয়েছে ১৪ হাজার টাকায়। ভারতীয় মুদ্রায় সাড়ে ১০ হাজারে।
এদিন সকালে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলে সিদ্দিক প্রামাণিকের জালে ধরা পড়ে আড়াই কেজির এক ইলিশ।। খবর পেয়েই তাঁর কাছ থেকে ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ নিলামের মাধ্যমে মাছটি কিনে এক প্রবাসীর কাছে বিক্রি করেন। শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ জানান, ‘ সকালে বড় ইলিশ ধরার খবর পেয়ে সিদ্দিক প্রামাণিকের সঙ্গে যোগাযোগ করেন। নিলামে ৫ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ১৩ হাজার ৭০০ টাকায় ইলিশটি কিনে নেন। পরে ময়মনসিংহের বাসিন্দা ও অস্ট্রেলিয়া প্রবাসী এক বাংলাদেশির সঙ্গে যোগাযোগ করে প্রতি কেজি ৫ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ১৪ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করেন।’
গত ২ অগস্টই রাজবাড়িতে জালে ওঠা ২ কেজি ৪৩০ গ্রামের একটি ইলিশ ১২ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছিল। চলতি বছর স্বাভাবিকের চেয়ে নদীতে বেশি জল থাকায় প্রায়শই বড় ইলিশ ধরা পড়ছে। তবে এখনও পর্যন্ত ২ কেজি ওজনের বেশি ইলিশ খুব একটা ধরা পড়েনি। তাই বড় ইলিশ ধরা পড়লেই আড়তে পৌঁছনোর আগেই বিক্রি হয়ে যাচ্ছে।