নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সন্ধ্যার সময় রাস্তা দিয়ে ফিরছিলেন, সেই সময় তেড়ে এল ভিমরুলের দল। প্রাণ বাঁচতে সামনের পুকুরে ঝাঁপ দিয়েছিলেন বেশ কয়েকজন ব্যক্তি। ভিমরুলের কামড় থেকে বাঁচতে প্রাণটাই যে দিতে হবে তা ভুলেও ভাবেননি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সেরাজুল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধ। ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে বেঘোরে দিতে হল প্রাণ। আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সেরাজুল ইসলাম পাওয়ার টিলার মেশিনে চড়ে বাড়ি ফিরছিলেন। অন্যদিকে সেই সময়েই সময় একই রাস্তা দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের কর্মচারী মোরসালিন ও শাহিন কাদের। ওই মুহূর্তে আচমকে তেড়ে আসে ভিমরুলের দল। তখনই ভয় পেয়ে পাশের একটি পুকুড়ে ঝাঁপ দেন সকলে। চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আরও পড়ুন: পরিবেশ সুরক্ষায় বড় পদক্ষেপ, পণ্যে রিসাইকেলড উপাদান বাড়াচ্ছে Apple
হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সেরাজুল ইসলামকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আরও উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ভিমরুলের চাক অপসারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।