নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করল আদালত। এই বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন।
১৮ মে (রবিবার) থাইল্যান্ড যাওয়ার পথে ঢাকার বিমানবন্দর থেকে খুনের চেষ্টা সহ একাধিক অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় বাংলাদেশের এই জনপ্রিয় নায়িকা নুসরাতকে। এই অপরাধে তাঁকে চার দিনের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল আদালত। তবে মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাঁর জামিন মঞ্জুর হয়।
অভিনেত্রীর আইনজীবী ইফতেখার হোসেন এই বিষয় এক সংবাদ মাধ্যমকে জানায়, “নুসরাত ফারিয়ার জামিন চেয়ে আজ (মঙ্গলবার) সকালে আদালতে আবেদন করা হয়। শুনানি নিয়ে আদালত তাঁর জামিন মঞ্জুর করে।”
নায়িকার জামিন শুনানির সময় আইনজীবী আদালতকে জানিয়েছেন, যেই অপরাধের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে সেই ঘটনার সময় নুসরাত দেশেই ছিলেন না। এমনকী এর প্রমাণ স্বরূপ তাঁর আইনজীবী আদালতের কাছে যথেষ্ট কাগজপত্র জমা দিয়েছেন। তার পরই সব দিক বিবেচনা করে আদালত তাঁর জামিন দিয়েছে।
উল্লেখ্য, গত রবিবার (১৮ মে) সকালে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গিয়েছিলেন পর্দার ‘ শেখ হাসিনা’। সেখানকার ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাতকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেফতার করে পুলিশ। তার পর নুসরাতকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
ঢাকায় ছাত্র জনতার গণ-অভ্যুত্থান চলাকালীন গত বছর ১৯ জুলাই রাজধানীর ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হন এনামুল হক (৩৫)। পরে ২০২৫ সালের ৩ মে এনামুল হক ঢাকার সিএমএম আদালতে ২৮৩ জনের বিরুদ্ধে তাঁকে হত্যা করার চেষ্টার জন্য মামলা দায় করেন। এই মামলায় নায়িকা নুসরাত ফারিয়া সহ ১৭ জন অভিনেতা-অভিনেত্রীর নাম রয়েছে বলে জানা যায়।
আদলতের পক্ষ থেকে মামলাটি নেওয়ার দুই সপ্তাহ পরই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় নুসরাত ফারিয়াকে।