নিজস্ব প্রতিনিধি : ইএম বাইপাস লাগোয়া ধাপায় আগুন। ভয়াবহ আগুনের জেরে কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৬টি ইঞ্জিন। আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী।
জানা গিয়েছে, ট্রান্সফরমারে বিস্ফোরণের জেরে আগুন লেগেছে। তারপরেই দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে ধাপা সংলগ্ন গুদামে। ওই গুদামে প্লাস্টিকের জিনিসপত্র ছিল। হাওয়ার সঙ্গে সঙ্গে আগুন দ্রুত ছড়াচ্ছে। চারদিক ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। বড়ো আলো নিয়ে ভিতরে যাওয়ার চেষ্টা করছেন দমকলকর্মীরা। ধোঁয়ার দাপটের জেরে দমকল ভিতরে ঢুকতে পারছে না। আগুন নিয়ন্ত্রণে নেই। আগুন নেভানোই এখন দমকলকর্মীদের কাছে বড় চ্যালেঞ্জ।
দিনেই নেমে এসেছে রাতের অন্ধকার। দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। আগুন লাগার কাছেই বসতি রয়েছে। সেখানে যাতে আগুন না ছড়িয়ে পড়ে সেদিকে কড়া নজরদারি রয়েছে দমকলের। আগুনের লেলিহান শিখা ক্রমশ গ্রাস করছে এলাকাকে। দূর থেকে দেখতে পাওয়া কুণ্ডলিকৃতি ধোঁয়া ছড়িয়েছে আতঙ্ক।
দমকলবাহিনী সূত্রে খবর, এখনও পর্যন্ত আগুন লাগার উৎসস্থল পর্যন্ত পৌঁছনো সম্ভব হয়নি। ধোঁয়ার ঘনত্ব ও তাপ বেশি থাকায় ভিতরে প্রবেশ করতে পারছেন না কেউই। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকলকর্মীরা। পরিস্থিতি হাতের বাইরে দেখে দমকলের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন স্থানীয়রা। জল দিয়ে অল্প অল্প করে আগুন নেভানোর চেষ্টা করছেন তাঁরা।
এলাকার পাশে রয়েছে বস্তি। তাই ওই এলাকায় যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেদিকে কড়া নজরদারি রয়েছে দমকলের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জোরদার তৎপরতার সঙ্গে কাজ করছেন তাঁরা।