নিজস্ব প্রতিনিধি : হাওড়ার মঙ্গলাহাটে আচমকাই বিধ্বংসী অগ্নিকাণ্ড। ছুটির দিন রবিবার সকালে হঠাৎই মঙ্গলাহাটে (Mangalahat) আগুন লাগার খবর মেলে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে হাওড়ার দমকল বাহিনী। আগুন নেভাতে ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন (Fire Tender) । আগুন নেভানোর কাজ চালাচ্ছে দমকলবাহিনী। দমকলের অনুমান শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ছুটির দিন সকালে মঙ্গলাহাটের মর্ডানহাট বিল্ডিংয়ের তিনতলায় আগুন লাগে। স্থানীয়রাই আগুন দেখতে পায়। পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। ভিতরে ঢুকতে দমকলবাহিনীকেও যথেষ্ট বেগ পেতে হচ্ছে। মুখে অক্সিজেন মাস্ক নিয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন দমকলবাহিনীর কর্মীরা। দূর থেকে কালো ধোঁয়া শুধু নজরে আসছে। ঘটনাস্থলে বহু দোকান থাকায় দমকলের গাড়ি ভিতরে নিয়ে যেতেও সমস্যা হচ্ছে। সেই কারণে দোকানগুলোকে বন্ধ করার আবেদন করা হয়েছে দমকলবাহিনীর পক্ষ থেকে।
মঙ্গলাহাটে বহু ছোট ছোট দোকান রয়েছে। সেই দোকানগুলিতে প্রচুর পরিমাণে জামাকাপড় মজুত থাকে। দোকানগুলি বাঁশ এবং কাঠের কাঠামো দিয়ে তৈরি হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। রবিবার ছুটির দিন থাকায় বহু মানুষ এসেছিলেন এই হাটে। সকালে আগুন দেখতে পেয়েই স্থানীয় দোকানিরা খবর দেয় দমকল ও পুলিশে। খবর পেয়েই দ্রুত তাঁরা ঘটনাস্থলে হাজির হয়েছে। দমকলের পক্ষ থেকে বলা হয়েছে, আগুন কীভাবে লেগেছে এখনও স্পষ্ট নয়। আগুনের জেরে ভিতরে ঢুকতেও সমস্যা হচ্ছে। তারপরেও দমকলকর্মীরা চেষ্টা চালাচ্ছেন আগুন নেভানোর।
উল্লেখ্য, ২০২৩ সালেও হাওড়া থানা সংলগ্ন মঙ্গলাহাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই সময় পুড়ে ছাই হয়ে গিয়েছিল হাটের বহু কাপড়ের দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল কয়েক লক্ষাধিক টাকা।