নিজস্ব প্রতিনিধি : এসএসকেএম হাসপাতালে আগুন। বৃহস্পতিবার সকালে হাসপাতালের রোন্যাল্ড রস ব্লকের বিল্ডিংয়ের ল্যাবে আগুন দেখতে পাওয়া যায়। আগুন লাগার জেরে আতঙ্ক ছড়ায় হাসপাতাল চত্বরে। শট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান পুলিশের।
জানা গিয়েছে, হাসপাতালের চারতলায় রয়েছে একটি ল্যাব। সেখানেই সকালে আগুনের ফুলকি দেখতে পাওয়া যায়। হাসপাতালে রয়েছে রোন্যাল্ড রস ব্লকের বিল্ডিং। সেখান থেকেই আগুন ছড়ায়। দমকলে খবর দেওয়া হলেও হাসপাতালের অগ্নিনির্বাপক ব্যবস্থা দিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে দমকল বাহিনীও গোটা এলাকা পরিদর্শন করেছে। আগুন লাগার কারণে বেশ কিছুক্ষণ পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। ওই বিল্ডিং-র কাছে কাউকে যেতে দেওয়া হচ্ছিলনা । দুপাশে দড়ি দিয়ে আটকে দেওয়া হয়েছিল। আগুন নিয়ন্ত্রণে আসার পর পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে।
সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে রোন্যাল্ড রস ব্লকের বিল্ডিংয়েরর ল্যাব খোলা হয়। কর্মীরা ল্যাবে প্রবেশ করার পরেই ধোঁয়া বের হতে দেখেন। সঙ্গে সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। দ্রুত আগুন নেভানোর চেষ্টা করা হয়। হাসপাতালে থাকা অগ্নিনির্বাপন ব্যবস্থা দিয়েই আগুন নেভানোর কাজ করা হয়। আগুন খুব বেশি না ছড়ানোয়, দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে। দমকলেও খবর দেওয়া হয়েছিল। দমকল পৌঁছে ঘটনাস্থলটিকে সরেজমিনে দেখে। তাঁরা জানায়, শর্টসার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়েছে। সাতসকালে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে চিকিৎসা করাতে আসা রোগী ও রোগীর পরিবারের মধ্যে। বড় দুর্ঘটনা যাতে না ঘটে তারজন্য বেশ কিছুক্ষণ ওই বিল্ডিং-র কাছে কাউকে যেতে দেওয়া হয়নি।