নিজস্ব প্রতিনিধিঃ কৌতুকশিল্পী কুণাল কামরাকে নিয়ে বিতর্ক যেন থামছেই না। এবার বুক মাই শো থেকে মুছে ফেলা হল কুণাল কামরার সমস্ত কমেডি কন্টেন্ট। গত মাসে ‘নয়া ভারত’ নামে একটি কমেডি শোয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দের আদব-কায়দা, চলনবলন নিয়ে একটি প্যারোডি বানিয়েছিলেন কুণাল কামরা। তাও আবার ব্লকবাস্টার চলচ্চিত্র ‘দিল তো পাগল হ্যায়’ ছবির ‘ভোলি সি সুরত’ গানের আদলে। শেষে ‘গদ্দার’ বিশ্বাসঘাতক বলে তাঁকে অভিহিত করেন।
এরপর থেকেই সাঁড়াশি হাতে নিয়ে কুণাল কামরার পেছনে পড়ে আছেন বিজেপি-শিবসেনা নেতারা। কুণাল কামরার আপত্তিজনক মন্তব্যে সমালোচনা করে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নভিশ। ইতিমধ্যেই কুণাল কামরার বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে। তাঁকে মুম্বই পুলিশ দু’বার তলব করেছে। শিবসেনা কর্মীরা মুম্বইয়ের হ্যাবিট্যাট স্টুডিওতে ভাঙচুর চালিয়েছে। যেখানে কুণাল কামরার শো হয়েছিল। যদিও গ্রেফতারি থেকে বাঁচতে মাদ্রাজ হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন কুণাল কামরা এবং তাঁকে আগামী ৭ এপ্রিল পর্যন্ত রক্ষাকবচ দিয়েছে আদালত। এত কিছু করেও রেহাই পেলেন না কুণাল কামরা।
এবার জনপ্রিয় টিকিট সংস্থা ‘বুক মাই শো’ থেকে সরিয়ে ফেলা হল কুণাল কামরার সমস্ত কমেডি কন্টেন্ট। শিবসেনা যুব সাধারণ সম্পাদক রাহুল কানাল কৌতুক অভিনেতা কুণাল কামরাকে তার ভবিষ্যতের অনুষ্ঠানের জন্য ‘প্ল্যাটফর্ম না দেওয়ার’ আর্জি করেছিলেন BookMyShow-কে, এর কয়েক ঘন্টা পরেই টিকিটিং প্ল্যাটফর্মটি শিল্পীদের তালিকা থেকে কৌতুক অভিনেতাকে সরিয়ে দিয়েছে। শুধু তাই নয়, BookMyShow কুণাল কামরার সঙ্গে সম্পর্কিত সমস্ত ইতিহাসও মুছে দিয়েছে। এখন BookMyShow প্ল্যাটফর্মে কুণাল কামরার কোনও শো অনুসন্ধান করলে এই নামের কোনও শিল্পী পাওয়া যাবে না। তাঁর কোনও শোও দেখা যাচ্ছেনা। বিষয়টি কুণাল কামরার জন্যে জোর ধাক্কা।