নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়িতে চিতার হামলায় গুরুতর জখম ৩ পুলিশকর্মী। জলপাইগুড়ির রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ধলাবাড়ি-লালবাড়ি গ্রামে আচমকাই হানা দিয়েছে চিতা। আক্রান্ত ৩ পুলিষকর্মীর মধ্যে একজনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। অন্য দু’জনকেও আক্রান্ত অবস্থায় ভর্তি করা হয়েছে দক্ষিণ হাঁসখালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।
জানা গিয়েছে, চিতাবাঘটি জলপাইগুড়ির রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ধলাবাড়ি-লালবাড়ি গ্রামের একটি পাট ক্ষেতে বসেছিল। ওই পাটক্ষেতের পাশ দিয়েই যাচ্ছিলেন ৩ পুলিশকর্মী। পাট ক্ষেত থেকে আচমকাই বেরিয়ে এসে পুলিশ কর্মীদের আক্রমণ করে। আকষ্মিক আক্রমণে কেউ বুঝতে পারেনি। স্থানীয়রাই পুলিশকর্মীদের আক্রান্ত হতে দেখে তাঁরা ছুটে আসেন। স্থানীয়দের ছুটে আসতে দেখে আবার লুকিয়ে পড়ে চিতাটি। স্থানীয়রাই গুরুতর জখম অবস্থায় পুলিশকর্মীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
জলপাইগুড়ির রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ধলাবাড়ি-লালবাড়ি গ্রামে চিতার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বন দফতরের আধিকারিকরা। মঙ্গলবার দুপুরের দিকে চিতাবাঘটিকে ঘুমপাড়ানি গুলি করে সেটিকে কাবু করে । এরপর সেটিকে নিয়ে যান বনকর্মীরা।
উল্লেখ্য, দুই সপ্তাহ আগে নাগরাকাটার কলাবাড়ি চা বাগানে চলন্ত বাইক ও সাইকেলে হামলা চালিয়েছিল একটি চিতা। তারজন্য ৩ জন গুরুতর জখম হয়েছিলেন। বিগত কয়েক মাস ধরে জলপাইগুড়িতে চিতাবাঘের হামলায় বেশ কয়েকজন জখম হয়েছিলেন। একের পর এক চিতাবাঘের হামলার খবরে আতঙ্ক জাঁকিয়ে বসেছে স্থানীয়দের মধ্যে।চিতার খবর পেলেই বনদফতরের পক্ষ থেকে আধিকারিক ও কর্মীরা পৌঁছে যান। বার বার চিতার হানায় চিন্তায় ঘুম উড়েছে সাধারণ মানুষের।