নিজস্ব প্রতিনিধি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতেই ২ অগস্ট থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। প্রথম দিনেই বড় সাফল্য মিলেছে এই পরিষেবায়। প্রথম দিনের কাজের দিকে নজর দিয়েই ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ নিয়ে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব মনোজ পন্থ। মঙ্গলবার সকালে জেলাশাসকদের সঙ্গে একটি বৈঠক করেছেন তিনি। সেখানেই জেলাশাসকদের একাধিক পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।
এদিন জেলাশসকদের সঙ্গে বৈঠক করে তিনি বলেছেন, এই পরিষেবার প্রচার বাড়াতে হবে। মানুষের কাছে আরও বেশি করে এই পরিষেবার কাজ পৌঁছে দিতে জনসংযোগ করতে হবে। মানুষ যেন জানতে পারেন, তাঁদের এলাকায় কোথায় কোথায় ক্যাম্প বসছে। কবে ক্যাম্প বসবে মানুষের কাছে পৌঁছে গেলে মানুষ আরও বেশি করে আসবে। পাশাপাশি দায়িত্বে থাকা আধিকারিকদের শিবির চলাকালীন থাকতে হবে ক্যাম্পেই। এলাকার মানুষ যাতে খুব সহজে সেই শিবিরে যেতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। শিবির এমন জায়গাতে করতে হবে, যেখানে যাতায়াত ব্যবস্থার সুবিধা রয়েছে।