নিজস্ব প্রতিনিধি: এই গরমে রাস্তায় এক মুহূর্ত থাকা যাচ্ছে না। তীব্র গরমে নাজেহাল সমস্ত মানুষ। তবে এই গরমের মধ্যেও ব্রিগেডমুখী বাম জনতা। বহু দূর দূর থেকে মানুষ এসেছে এই বাম ব্রিগেডে যোগ দিতে। নুন-চিনির জল নিয়েই তাই ব্রিগেডমুখী বাম-কর্মী সমর্থকরা। তবে এই গরমে কী খাওয়া-দাওয়া হচ্ছে সেখানে? কর্মীদের জন্য বা কী বন্দ্যোবস্ত করেছেন বামেরা?
বামেদের এই ব্রিগেডের সঙ্গে জড়িয়ে প্রচুর গল্পগাঁথা। একটা সময় গ্রাম থেকে যখন মানুষ আসতেন তাঁরা নিজেদের সঙ্গে আন্তেন তাঁদের পেট ভরার জন্য খাবার। কাউ আনতেন রুটি। আবার কারও সঙ্গে আসত মুড়ি। এবার দেখা গেল ব্রিগেডে রয়েছে ডিম-ভাত। দুপুরে তা খেয়েই পেট ভরাচ্ছেন সেখানে আসা বহু মানুষ। কারণ আর কিছুক্ষণ, তারপরই শুরু হবে বাম নেতা-নেত্রীর বক্তৃতা। বাঁকুড়া থেকে আগত এক বাম কর্মী বলেন, “অনেক সকালে এসেছি। খিদে পেয়েছে। ডিম ভাত খেলাম।”
উল্লেখ্য, তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশে ডিম-ভাতের মেনু কিন্তু বড্ড চেনা। গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে ডিম। এই মেনু বরাবরই থাকে। কারণ, দূর-দূরান্ত থেকে মানুষ আসেন। দুপুরে পেট ভরবে, অথচ পুষ্টিকর খাবারের মধ্যে ডিমের যে বিকল্প নেই তা বলার অপেক্ষা রাখে না। তাই দূরের জেলা থেকে যে সকল কর্মী-সমর্থকরা আসেন কলকাতায় তাঁদের পছন্দের তালিকায় ডিম-ভাত থাকে। এবার সিপিএম-এর ব্রিগেডেও দেখা মিলল সেই একই চিত্র।
বামেদের ব্রিগেড সমাবেশে যোগ দিতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত বাম কর্মী সমর্থকরা এসে পৌঁছচ্ছেন হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে বেরিয়ে অনেকেই হাওড়া ফেরি সার্ভিসের মাধ্যমে ব্রিগেড যাওয়ার জন্য লঞ্চ ঘাটে গিয়ে দেখছেন সেখানে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে।
শ্রমিক, কৃষক, খেতমজুর, বস্তি উন্নয়ন সমিতি, মূলত সিপিআই(এম)র এই চারটি গনসংগঠনের ডাকে আজ ব্রিগেড সমাবেশ।
এই উপলক্ষে হাওড়া স্টেশনের সামনে একটি ক্যাম্পও করা হয়েছে।
ফেরি সার্ভিস বন্ধ রাখার কারণ হিসেবে হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে লঞ্চের সংখ্যা কম থাকার কারণে এবং রবিবার কর্মীসংখ্য কম থাকার কারণে লঞ্চ পরিষেবা বন্ধ রাখা হয়েছে।