নিজস্ব প্রতিনিধি : ধর্ষণে অভিযুক্তের সঙ্গে বসে মদ্যপান। একই সঙ্গে বসে পার্টি করার ছবি ভাইরাল হতেই বিতর্কের মুখে দক্ষিণ ২৪ পরগনার সিপিএম নেত্রী তনুশ্রী মণ্ডল। এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে নিন্দায় সোচ্চার হয়েছে তৃণমূল। কিন্তু সিপিএম-র পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি।
জানা গিয়েছে, রবিবার সোশাল মিডিয়ায় সিপিএম নেত্রী তনুশ্রী মণ্ডলের একটি ছবি শেয়ার করেন তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় পাল। সেখানে দেখা গিয়েছে, সামনে মদের গ্লাস, মুখে সিগারেট। তাঁর পাশেই বসে রয়েছে মধ্য যাদবপুর এরিয়া কমিটির সদস্য অভিনন্দন দত্তগুপ্ত। ওই যুবনেতা আবার ধর্ষণের মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত। তার সঙ্গে বসেই পার্টি করতে দেখা গিয়েছে তনুশ্রীকে। ছবিটি শেয়ার করে মৃত্যুঞ্জয় লিখেছেন, বিধানসভায় শূন্য হলেও নেশায় পূর্ণ। বিধানসভাতে ১টা আসন না থাকলেও নেশার ক্ষেত্রে ১০ তে ১১০। এই ছবি সামনে আসার পরেই অস্বস্তিতে সিপিএম। কিন্তু বিষয়টি নিয়ে কোনও কথা বলেননি তাঁরা।
ধর্ষণের মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত হলেও অভিনন্দনের বিরুদ্ধে দল কোনও শাস্তিমূলক পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। এই দুজনই সুজন চক্রবর্তীর অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। তৃণমূল নেতা আরও বলেন, এরা নিজেদের ভোট বিজেপিতে ট্রান্সফার করে। ফেসবুকে বাতেলাবাজি করে নেশাতে আসক্ত থাকে। তৃণমূল নেতার এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। যদিও সেই ছবির সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে। কীভাবে একজন মহিলা হয়ে ধর্ষণে অভিযু্ক্তের সঙ্গে একসঙ্গে বসে গল্প করতে পারে, সেই নিয়ে উঠেছে প্রশ্ন।