নিজস্ব প্রতিনিধিঃ কথায় আছে শাড়িতেই নারী । রান্নাঘর আর কৃষিকাজ সবই একাই হাতে প্রতিদিন তারা সামলাচ্ছেন। আর এবার ঠিক সেইভাবেই শাড়ি পরে মাঠের মধ্যে ফুটবল খেললেন সুন্দরবনের মহিলারা । দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের রানীগড় গ্রামে ফুটবল প্রতিযোগিতায় দেখা গেল এমনই এক দৃশ্য ।
জানা গিয়েছে, এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিল গয়েশপুর হামরাহী ট্রাস্ট ও ঝড়খালি সবুজ বাহিনী। সেখানেই নিজেদের প্রতিভা দর্শকদের সামনে তুলে ধরলেন হেমা কয়াল, মনোরমা সরকার, মলিনা বৈরাগী ও শিবানী মণ্ডলরা। দুর্দান্ত ফুটবল খেলে মন জয় করে নিলেন সকলের। তবে গ্রামের এই মহিলারা অনেকই জানেন না মেসি, রোনাল্ডো, ভাইচুং ভুটিয়ার মত প্রথম শ্রেণী ফুটবলারদের নাম । কিন্তু কী ভাবে বল পায়ে নিয়ে প্রতিপক্ষকে সহজে কাবু করা যায় সেটা ভালো মতই জানেন এই মহিলা ফুটবলাররা ।
আয়োজকরা জানিয়েছেন , সুন্দরবনের মহিলাদের প্রতিভা সকলের সামনে তুলে ধরার জন্যই এই আয়োজন। আর মাঠের মধ্যে ফুটবল খেলতে পেরে বেশ আনন্দিত হয়েছেন গ্রামের মহিলারা । প্রতিযোগীতায় যোগদান করা মহিলারা জানিয়েছেন, এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা সকলের সামনে তুলে ধরতে পেরে খুবই উচ্ছ্বসিত। আর খেলার শেষে পুরস্কার পেয়ে ভীষণ খুশি । একথায় বলা যায়, এই প্রতিযোগিতার মাধ্যমে গ্রামের মহিলাদের দেখা গেল একেবারে অন্য ভূমিকায় ।