নিজস্ব প্রতিনিধি: মাঠে মাত্র ৩৫ মিনিট। আর তাতেই চ্যাম্পিয়নস লিগে রোনালদোর রেকর্ডকে পিছনে ফেলে এগিয়ে গেলেন এমবাপ্পে। তবে ৩৫ মিনিটের পরেই তাঁকে তুলে নিতে বাধ্য হন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।
তবে কি রোনালদোর রেকর্ডকে পিছনে ফেলে এমবাপ্পে এগিয়ে গিয়েছেন বলেই কি তাঁকে তুলে নেওয়া হল? আদতে তা নয়। কোচ কার্লো আনচেলত্তি জানান, এমবাপ্পের বাঁ ঊরুতে টান লেগেছে। দেখে মারাত্মক কিছু মনে হয়নি, তবে আমি বলতে পারব না। দেখা যাক, আগামীকাল (পরীক্ষায়) কী হয়। সে দৌড়াতে পারছিল না। অস্বস্তি বোধ করছিল। তাই বাধ্য হয়েই তাকে তুলে নিতে হয়েছে।
কিন্তু অসুস্থতা নিয়েও মাত্র ৩৫ মিনিটেই খেল দেখিয়েছেন এমবাপ্পে। বেরগামোয় আতালান্তার বিপক্ষে রিয়ালের ৩-২ গোলের স্বস্তির এই জয়ে প্রথম গোলটি করেন এমবাপ্পে। ১০ মিনিটে ব্রাহিম দিয়াজের পাস থেকে বক্সের ভেতরে গায়ের সঙ্গে সেঁটে থাকা প্রতিপক্ষ ডিফেন্ডারকে যেভাবে পাশ কাটালেন, সেটা দেখার মতো। বাঁ পায়ে বলটা রিসিভ করেছেন এমনভাবে, যেন ডিফেন্ডার কোনো সুযোগই না পান বাধা দেওয়ার। তারপর স্ট্রাইকারসুলভ শটে গোল। এর বাইরে আরও দুটি শট নিয়েছিলেন, সেগুলোও পোস্টে ছিল। আর তাতেই রেকর্ড ছুঁয়ে ফেলেন এমবাপ্পে।
উল্লেখ্য, চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে ৭৯ ম্যাচে ৫০ গোল হয়ে গেল এমবাপ্পের। ইউরোপসেরার এই আসরে দ্রুততম ৫০ গোলের দৌড়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেললেন ফরাসি তারকা। রোনালদোর লেগেছিল ৯১ ম্যাচ। সব মিলিয়ে চ্যাম্পিয়নস লিগে দ্রুততম ৫০ গোলের তালিকায় এমবাপ্পে এখন চতুর্থ। এই তালিকায় প্রথম তিনজনের নাম যথাক্রমে—রুড ফন নিস্টলরয় (৬২), লিওনেল মেসি (৬৬) এবং রবার্ট লেভানডফস্কি (৭২)।