নিজস্ব প্রতিনিধি: অলস্টার ম্যাচে না খেলায় মেজর লিগ সকারের(এমএলএস) মাঝেই এক ম্যাচের জন্য নির্বাসিত হয়েছেন ইন্টার মায়ামির দুই তারকা ফুটবলার লিওনেল মেসি ও জর্দি আলবা। ফলে ঘরের মাঠে এফসি সিনাসিনাটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না এই দুই তারকা। লঘু পাপে এমন গুরু দণ্ড পেতে হবে তা ভাবতেই পারেননি বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক। তাই শাস্তির খবরে মেসি প্রচণ্ড হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন ইন্টার মায়ামির অন্যতম কর্ণধার হোর্হে মাস।
গত বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ও মেক্সিকোর লিগা এমএক্সের অলস্টার একাদশের মধ্যে বন্ধুত্বমূলক ম্যাচ অনুষ্ঠিত হয়। এমএলএসের নিয়ম অনুযায়ী, প্রাথমিক স্কোয়াডে থাকা কোনও খেলোয়াড় কোনও চোট না পেলে অলস্টার ম্যাচে না খেললে পরবর্তী একটি লিগ ম্যাচে নির্বাসিত হবেন। অলস্টার ম্যাচে প্রাথমিক স্কোয়াডে থাকা সত্বেও খেলেননি ইন্টার মায়ামির দুই তারকা লিওনেল মেসি ও জর্দি আলবা। আর সেই কারণেই দু’জনকে এক ম্যাচের জন্য নির্বাসিত করেছে মেজর লিগ সকার পরিচালন সমিতি। ওই সিদ্ধান্ত গোটা বিশ্বেই শোরগোল ফেলে দিয়েছে।
মেসিদের শাস্তির সিদ্ধান্ত ঘোষণার পরেই সাংবাদিক বৈঠক করেন মায়ামির অন্যতম কর্ণধার হোর্হে মাস। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘নির্বাসনের সিদ্ধান্ত জানতে পেরে মেসি খুবই হতাশ… প্রচণ্ড ক্ষুব্ধ। সেটা প্রত্যাশিতই। তারা বুঝতে পারছে না, একটি প্রদর্শনী ম্যাচে না খেললে কেন সরাসরি নিষেধাজ্ঞা পেতে হবে। আমার মনে হয়, এই আইনে এমন শাস্তি স্পষ্টতই খুব কঠোর।’ ‘