নিজস্ব প্রতিনিধি: লিওনেল মেসি জ্বলে উঠলে জিতবে মায়ামি, আর নিষ্প্রভ থাকলে পযেন্ট খুঁইয়ে মাঠ ছাড়তে হবে, এটাই যেন দস্তুর হয়ে উঠেছে। বুধবার বিশ্বকাপ জয়ী অধিনায়ক নিষ্প্রভ থাকায় টানা পাঁচ ম্যাচ পর হারের মুখ দেখল ইন্টার মায়ামি। মেজর সকার লিগে সিনাসিনাটির কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হল মেসির দল। ফুটবলের রাজপুত্রের নিষ্প্রভ থাকার দিন মাঠে আলো ছড়ালেন সিনসিনাটির ব্রাজিলিয়ান মিডফিল্ডার ইভান্দার। মায়ামির বিপক্ষে শুধু জোড়া গোল করেননি, এ নিয়ে লিগে টানা পাঁচ ম্যাচে গোল করলেন ইভান্দার।
শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেছিল ইন্টার মায়ামি। কিন্তু সিনাসিনাটির রক্ষণ ভেদ করতে পারেনি হাভিয়েরা মাচেরানোর শিষ্যরা। বক্সে ঢুকেই খেই হারিয়ে ফেলেছিলেন মেসিরা। প্রথমে কিছুটা খোলসে গুটিয়ে থাকলেও সমানতালে প্রতি আক্রমণ চালিয়ে যাচ্ছিল সিনাসিনাটির খেলোযাড়রা। এমনইএক প্রতি আক্রমণ থেকে ম্যাচের ১৬ মিনিটে মায়ামির জালে বল জড়িয়ে দলকে এগিয়ে দেন জেরার্ডো ভ্যালেনজুয়েলা। গোল খাওয়ার পর তেড়েফুঁড়ে নেমেছিল মায়ামির খেলোয়াড়রা। প্রথমার্ধের শেষ দিকে দুটি শট নেওয়ার সুযোগ পেয়েছিলেন মেসি। তাঁর প্রথম শটটি ব্লক করেন সিনসিনাটির রক্ষণ ভাগের খেলোয়াড় লুকাস এঙ্গেল। দ্বিতীয় শটটি ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক রোমান চেলেনতানো।
দ্বিতীয়ার্ধের শুরুতেই অর্থাৎ ৫০ মিনিটের মাথায় ফের মাযামির জাল কাঁপান ব্রাজিলিয়ান মিডফিল্ডার ইভান্দার। ২-০ গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরে আসার চেষ্টা চালিয়েছিলেন মেসিরা। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। ৭০ মিনিটে ফের গোল করে ব্যবধান ৩-০ করেন ইভান্দার। শেষ পর্যন্ত ৩-০ গোলে হেরেই মাঠ ছাড়তে হয় মেসিদের। টানা পাঁচ ম্যাচ পর এভাবে মুখ থুবড়ে পড়ায় উদ্বিগ্ন মায়ামি কোচ হাভিয়ের মাচেরানো। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আজকের ম্যাচে আমরা যেভাবে হেরেছি, তাতে উদ্বিগ্ন। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি।’