নিজস্ব প্রতিনিধি: অলস্টার ম্যাচে না খেলার শাস্তি হিসাবে এক ম্যাচে নির্বাসিত হয়েছিলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। বুধবার সেই নির্বাসন কাটিয়ে ফিরেই জ্বলে উঠলেন আর্জেন্টাইন অধিনায়ক। তার ম্যাজিকেই ফের জয়ের সরণিতে ফিরল ইন্টার মায়ামি। রুদ্ধশ্বাস ম্যাচে মেক্সিকোর আটলাসকে ২-১ গোলে হারিয়ে দিল। দুটি গোলেই সহায়তা করেছেন মেসি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। বেশ কয়েকবার গোল লক্ষ্য করে শট নেন দু’দলের খেলোয়াড়রা। যদিও তা তেকাঠির নিচে প্রবেশ করতে পারেনি। মায়ামির গোলরক্ষক রোকো রিওস নোভো তিনটি দুর্দান্ত সেভ করে দলের পতন রোধ করেন। প্রথমার্ধের শেষ মুহূর্তে লুইস সুয়ারেজের শট ক্রসবারে লেগে ফিরে আসে। প্রথমার্ধ গোলশূন্য ভাবেই শেষ হয়।
দ্বিতীযার্ধের শুরুতেই গোলের জন্য ফের ঝাঁপিয়ে পড়ে দুই দলের খেলোয়াড়রা। শেষ পর্যন্ত ৫৮ মিনিটে কাঙ্খিত গোলের দেখা পায় মায়ামি। মেসির কাছ থেকে পাওয়া বল আটলাসের জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন তেলাসকো সেগোভিয়া। গোল খেয়েই তা শোধের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় আটলাস। একের পর এক আক্রমণ শানিয়ে মায়ামির রক্ষণকে ব্যতিব্যস্ত করে রাখে। ৮২ মিনিটে রিভালদো লোজানোর গোলে ম্যাচে সমতা ফেরায় আটলাস। সবাই যখন ধরেই নিয়েছিল ম্যাচ ড্র হচ্ছে ঠিক তখনই মেসি ম্যাজিক। শেষ বাঁশি বাজার ঠিক আগের মুহুর্তে মেসির পাস থেকেই গোল করেন মার্সেলো ভিগান্ট। শুরুতে অবশ্য অফসাইডের পতাকা উঠেছিল, তবে ভিএআর পরে গোলটি বৈধ ঘোষণা করে। ওই গোলের সুবাদেই ২-১ গোলে জিতে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।