নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: এক দলের লক্ষ্য জিতে শীর্ষস্থান ধরে রাখা। অন্য দলের লক্ষ্য জয়ের সরণি থেকে লক্ষ্যভ্রষ্ট না হওয়া।দুই ভিন লক্ষ্য নিয়ে আজ বুধবার (২ এপ্রিল) বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাত টাইটান্স। যে ম্যাচ আবার বিরাট কোহলি বনাম শুভমন গিলের দ্বৈরথ হিসাবেও দেখা হচ্ছে। শেষ পর্যন্ত ভারতীয় দলের দুই তারকা ক্রিকেটার কে কাকে টেক্কা দেন, তার দিকেই বিশেষ নজর থাকছে ক্রিকেট ভক্তদের।
গত ১৭ বছর ধরে খেললেও আইপিএলের শিরোপা অধরাই থেকে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্ষেত্রে। যদিও চলতি আইপিএলে দারুন ফর্মে রয়েছে দলটি। প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এবং দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সহজ জয় পেয়েছেন বিরাট কোহলিরা। ফিল সল্ট, দেবদত্ত পাডিক্কাল, টিম ডেভি, রজত পাতিদারের মতো ব্যাটার রয়েছেন দলে। তার উপরে রয়েছেন বিরাট কোহলি। যারা যে কোনও ম্যাচের রং বদলে দিতে পারেন। পাশাপাশি জস হেজলউড-লুঙ্গি এনগিডি-যশ দয়াল-ক্রুণাল পাণ্ড্যরাও বল হাতে বিপক্ষের ব্যাটারদের কাছে ত্রাস হয়ে উঠতে পারেন। সূয়শ শর্মা-রাসিখ সালামরা বল হাতে ভেল্কি দেখিয়ে প্রতিপক্ষের ব্যাটারদের নাস্তানাবুদ করতে যথেষ্টই পারদর্শী।
অন্যদিকে, চলতি আইপিএলের শুরুটা সুখকর হয়নি শুভমন গিলদের কাছে। প্রথম ম্যাচে হারতে হয়েছিল পঞ্জাব কিংসের কাছে। যদিও দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্রথম জয়ের মুখ দেখেছে। সাই সুদর্শন, শুভমন গিল, জস বাটলাররা রানে ফিরেছেন। তবে শেরফানে রাদারফোর্ড-শাহরুখ খানদের হতশ্রী ব্যাটিং অবশ্যই চিন্তার বিষয়। বল হাতে মোহাম্মদ সিরাজ এখনও তেমন দাগ কাটতে পারেননি। রশি খান-কাগিসো রাবাডাও তেমনভাবে নিজেদের মেলে ধরতে পারেননি। শেষ ম্যাচে অবশ্য প্রসিদ্ধ কৃষ্ণ আঁটোসাঁটো বোলিং করেছেন। তবে দুরন্ত ফর্মে থাকা আরসিবি’র ব্যাটারদের বিরুদ্ধে আজকের ম্যাচে জ্বলে উঠতে হবে গুজরাতের বোলারদের। নাহলে পঞ্জাবের বিরুদ্ধে যেমন হাল হয়েছিল, তেমন হাল হতে পারে।
মুখোমুখি সাক্ষাতে শুভমন গিলদের চেয়ে সামান্য এগিয়ে বিরাট কোহলিরা। এখনও পর্যন্ত দুই দল পাঁচ বার মুখোমুখি হয়েছেন। তার মধ্যে তিনবার জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর দুই বার জিতেছে গুজরাত টাইটান্স।