নিজস্ব প্রতিনিধি: একদিনের ক্রিকেটারদের ক্রমতালিকা প্রকাশ করতে গিয়ে বুধবার (২০ অগস্ট) চরম ভুল করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। প্রথমে যে তালিকা প্রকাশ করা হয়েছিল, তাতে প্রথম একশো ক্রিকেটারের মধ্যে ছিলেন ভারতের দুই অভিজ্ঞ ব্যাটার। অথচ গত সপ্তাহে ক্রম তালিকার প্রথম দশে ঠাঁই হয়েছিল দু’জনের। ওই তালিকা প্রকাশের পরেই শোরগোল পড়ে যায়। প্রশ্ন ওঠে, তাহলে কী সত্যিই একদিনের ক্রিকেটে রোহিত শর্মা ও বিরাট কোহলির কেরিয়ার খতম হয়ে গেল। দুজনেই কি নীরবে অবসর নিলেন? গোটা বিশ্বের ক্রিকেট প্রেমীরা যখন হন্য হয়ে ওই প্রশ্নের উত্তর খুঁজছেন ঠিক তখনই পরিবর্তিত তালিকা প্রকাশ করে নিজেদের ভুল শুধরে নিল আইসিসি। নয়া তালিকায় দেখা গেল দুই ব্যাটার যথাক্রমে দ্বিতীয় ও চতুর্থস্থানে রয়েছেন। কি করে তালিকা প্রকাশে এত বড় ভুল হলো, তার কোনও ব্যাখ্যা দেয়নি আইসিসি। তবে কোনও কারিগরি ত্রুটির কারণেই এমন মস্ত ভুল ঘটেছে বলে আইসিসির এক আধিকারিক জানিয়েছেন। একদিনের ম্যাচে ফের প্রথম দশে রোহিত ও বিরাটের নাম দেখে মুখে হাসি ফুটেছে দুজনের ভক্তদের।
আইসিসির প্রকাশিত ক্রমতালিকা অনুযায়ী, একদিনের সংস্করণে ব্যাটসম্যানদের ক্ষেত্রে শীর্ষেই রয়েছেন ভারতের টেস্ট অধিনায়ক শুভমন গিল। এক ধাপ উন্নতি ঘটিয়ে দুই নম্বরে উঠে এসেছেন রোহিত শর্মা। আর এক ধাপ নিচে নেমে তিন নম্বরে নেমে গিয়েছেন পাকিস্তানের বাবর আজম। চার নম্বর ধরে রেখেছেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। পাঁচ ও ছয় নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল ও শ্রীলঙ্কার চারিথ আসলঙ্কা
অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে বিধ্বংসী বোলিংয়ের দৌলতে আইসিসির ক্রমতালিকায় বিচারে ওয়ানডের বোলারদের সিংহাসন দখল করেছেন দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি স্পিনার কেশব মহারাজ। সিংহাসনচ্যূত করেছেন ভারতের কুলদীপ যাদব ও শ্রীলঙ্কার মাহেশ তিকশানাকে। এর আগে ২০২৩ সালের নভেম্বর-ডিসেম্বরে কয়েক দিনের জন্য আইসিসির র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন ৩৫ বছর বয়সী স্পিনার। ফের শীর্ষস্থান দখল করলেন। ব্যাটিংয়ের ক্ষেত্রে সিংহাসন ধরে রাখতে সক্ষম হয়েছেন ভারতের শুভমন গিল।
কেশব মহারাজের কাছে সিংহাসন হারিয়ে দুই নম্বরে নেমে গিয়েছেন শ্রীলঙ্কার মাহেশ তিকশানা। এক ধাপ নেমে তিন নম্বরে ভারতের স্পিনার কুলদীপ যাদব। চার ও পাঁচ নম্বরে যথাক্রমে রয়েছেন নামবিয়ার বার্নাল্ড শুলজ ও আপগানিস্তানের রশিদ খান। বোলিং বিভাগে বড় লাফ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার জেইডেন সিলসও। পাকিস্তানের বিপক্ষে শেষ একদিনের ম্যাচে ১৮ রানে ৬ উইকেট নেওয়ার সুবাদে ১৫ ধাপ এগিয়ে তিনি এখন ১৮ নম্বরে। পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ ১৫ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৯তম এবং ওয়েস্ট ইন্ডিজের অফ স্পিনার রোস্টন চেজ ৫ ধাপ এগিয়ে ৫৮তম স্থানে উঠেছেন।
।যদিও এদিন কারিগরি ত্রুটির কারণে প্রথমে ব্যাটারদের যে ক্রম তালিকা প্রকাশ হয়েছিল, তাতে প্রথম একশোয় নাম ছিল না ভারতের দুই অভিজ্ঞ ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলির। ওই তালিকা বিস্মিত করেছিল ক্রিকেট বিশেষজ্ঞদের।