নিজস্ব সংবাদদাতাঃ লিওনেল মেসির জোড়া গোলের ওপর ভর করে ইতিহাসে প্রথমবার সাপোর্টারস শিল্ড জয় ইন্টার মিয়ামির। মেজর লিগ সকারে কলম্বাস ক্রুকে ৩-২ গোলের ব্যবধানে হারায় ডেভিড বেকহ্যামের দলটি। মেসি ছাড়াও ইন্টার মিয়ামির অপর গোলদাতা হলেন উরুগুয়ের অন্যতম সেরা স্ট্রাইকার লুইস সুয়ারেজ।
বৃহস্পতিবার লোয়ার ডটকম ফিল্ডে প্রথমবার সাপোর্টারস শিল্ডের শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিলেন মেসিরা। ম্যাচের শুরু থেকেই কলম্বাস ক্রু আক্রমণ শানাচ্ছিল ইন্টার মিয়ামির উপর। একবার তো গোল করেও ফেলেছিল প্রায় কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। সেই তুলনায় প্রথম ২৫ মিনিটে খুব একটা আক্রমণাত্মক খেলা দেখানোর সুযোগ পাননি সুয়ারেজরা। প্রথমার্ধের একদম অন্তিম সময়ে ৪৫ মিনিটে প্রায় মাঝমাঠ থেকে এক সুন্দর থ্রু বল সাজিয়ে দেওয়া হয় মেসির উদ্দেশ্যে। সেই বলটিকে বুকে নামিয়ে দুই ডিফেন্ডার এবং গোলকিপারকে বোকা বানিয়ে জালে জড়িয়ে দিলেন মেসি। তার কিছুক্ষণ পর অতিরিক্ত সময়ে বাম পায়ে ফ্রিকিকে অসাধারণ গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক। প্রথমার্ধ মেসির জোড়া গোলে এগিয়ে থাকে ইন্টার মিয়ামি।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই ৪৬ মিনিটে কলম্বাস ক্রু-য়ের হয়ে প্রথম গোল করে ব্যবধান কমান ডিয়াগো রসি। তার ২ মিনিটের মধ্যেই কলম্বাস ক্রু দলের গোলকিপারের ভুলে বক্সের মধ্যে গোল করার সহজ সুযোগ পেয়ে যান সুয়ারেজ। হেড দিয়ে গোল করে ফের ব্যবধান বাড়িয়ে তোলেন উরুগুয়ের স্ট্রাইকার। এরপর ৬১ মিনিটে কলম্বাস ক্রুয়ের হয়ে পেনাল্টিতে গোল করেন হার্নান্ডেজ। এরপর একাধিক সুযোগ পেয়েও কলম্বাস ক্রু সমতা ফেরাতে পারেনি।