নিজস্ব প্রতিনিধি: প্রথমার্ধে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল লাল-হলুদ শিবির। রবিবার ঘরের মাঠে ৩-১ গোলে জর্জ টেলিগ্রাফকে হারিয়ে কলকাতা ফুটবল লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিল বিনো জর্জের শিষ্যরা। লাল-হলুদের পক্ষে জোড়া গোল করেছেন সায়ন বন্দ্যোপাধ্যায়। বাকি গোলটি জেসিন টিকের। জর্জের হয়ে একমাত্র গোলটি করেছেন অমিত এক্কা। এ নিয়ে টানা দুই ম্যাচে শুধু লাল-হলুদ ব্রিগেড জয়ই পেল না, মোট ১০টি গোল করেছে।
গত বছর অল্পের জন্য কলকাতা ফুটবল লিগ জিততে পারেনি লাল-হলুদ ব্রিগেড। সেই আক্ষেপ ঘোচাতে এবার শুরু থেকেই মরিয়া হয়ে ঝাঁপিয়েছে বিনো জর্জের শিষ্যরা। প্রথম ম্যাচে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে ৭-১ গোলে জিতেছিল ইস্টবেঙ্গল। সেই জয়ের ধারা অশব্যাহত রাখার লক্ষ্য নিয়েই এদিন ঘরের মাঠে নেমেছিলেন জে্সিন টিকে-তন্ময় ঘোষরা। কিন্তু প্রথমার্ধে কার্যত ছন্নছাড়া ফুটবল খেলেছে লাল-হলুদ শিবিরের খেলোয়াড়রা। ইস্টবেঙ্গলের সেই ছন্নছাড়া ফুটবলের সুযোগ নেয় জর্জ টেলিগ্রাফের খেলোয়াড়রা। ম্যাচের ৩৫ মিনিটে ইস্টবেঙ্গলের জালে বল জড়িয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন অমিত এক্কা। বহু চেষ্টা করেও প্রথমার্ধে সেই গোল শোধ করতে পারেনি লাল-হলুদের খেলোয়াড়রা।
তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই খোঁচা খাওয়া বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে লাল-হলুদের খেলোয়াড়রা। ৪৭ মিনিটে জর্জের জাল কাঁপিয়ে দলকে সমতায় ফেরান জেসিন টিকে। পরিবর্ত খেলোয়াড় হিসাবে সায়ন বন্দ্যোপাধ্যায় নামতেই ইস্টবেঙ্গলের আক্রমণের ঝাঁজ বাড়তে থাকে। বাঁ-প্রান্ত ঘেঁষে বার বার জর্জের রক্ষণে হানা দিতে থাকেন লাল-হলুদের খেলোয়াড়রা। শেষ পর্যন্ত তাঁর ফলও মেলে। ৬৫ মিনিটে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন সায়ন। দ্বিতীয়ার্ধের শেষ লগ্নে ৮৯ মিনিটের মাথায় নিজেদের অর্ধ থেকে বল পেয়ে জর্জের রক্ষণ ভাগের খেলোয়াড়দের পরাস্ত করে বাঁ প্রান্ত থেকে সাযনকে লক্ষ্য করে বল বাড়ান নাসিব উর রহমান। সেই বল আলতো টোকায় জর্জের জালে জড়িয়ে ব্যবধান ৩-১ করেন সায়ন।