নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ: সদ্য ঘটে যাওয়া ভয়াবহ এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার প্রেক্ষিতে শনিবার গণমাধ্যমের মুখোমুখি হন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, দুর্ঘটনার তদন্তে ধ্বংসাবশেষ থেকে ব্ল্যাক বক্স উদ্ধার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কর্তৃপক্ষ ব্ল্যাক বক্সের তথ্য ডিকোড করছে।
নাইডু গণমাধ্যমে বলেন, “এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বিশেষভাবে খতিয়ে দেখছে বিমানের আশেপাশে ঘটে যাওয়া ঘটনা, দুর্ঘটনার বিষয়গুলি। এই বিষয়ে দুর্ঘটনার পর থেকেই তৎপরতা শুরু হয়েছে। এএআইবির মাধ্যমে পরিচালিত টেকনিক্যাল ইনভেস্টিগেশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট হল গতকাল বিকেল ৫টার দিকে ঘটনাস্থল থেকে ব্ল্যাক বক্স উদ্ধার।”
তারপরেই তিনি বলেন, “এএআইবি টিম বিশ্বাস করে যে ব্ল্যাক বক্সের এই ডিকোডিং দুর্ঘটনার প্রক্রিয়া চলাকালীন বা দুর্ঘটনার আগের মুহূর্তগুলিতে কী ঘটেছিল সে সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি দেবে। এএআইবি পূর্ণাঙ্গ তদন্ত শেষ করার পর ফলাফল বা প্রতিবেদন কী হবে তা দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।” নাইডু আরও বলেন যে দুর্ঘটনার তদন্তের জন্য গঠিত উচ্চ পর্যায়ের কমিটি গঠিত হয়েছে যারা তিন মাসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
সরকার শনিবার এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 দুর্ঘটনার কারণগুলি তদন্তের জন্য একটি উচ্চ-পর্যায়ের কমিটি গঠন করেছে। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের জারি করা এক নির্দেশে বলা হয়েছে, “এই কমিটি এই ধরনের ঘটনা প্রতিরোধ ও পরিচালনার জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOPs) এবং জারি করা নির্দেশিকাগুলি পরীক্ষা করবে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা মোকাবেলার জন্য ব্যাপক নির্দেশিকা সুপারিশ করবে।” শনিবার, এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB)- এর কর্মকর্তারা আহমেদাবাদে পৌঁছেছেন।