নিজস্ব প্রতিনিধি: ভোজনরসিক বাঙালি যেমন খাদ্য প্রিয়, তেমনই মৎস্যপ্রিয়। তাই শিঙ্গি থেকে বোয়াল- কোনও মাছই সে ছাড়ে না। রসিয়ে কষিয়ে রন্ধনে বাঙালির জুড়ি মেলা ভার। এই যেমন ধরুন কই মাছ। বাঙালি হেঁশেলে কই মাছ দিয়ে রকমারি রান্নার অন্ত নেই। তেল কই, কই মাছের হর গৌরি, কই কালিয়া, কই ভাপা, সর্ষে কই কী নেই। তেমনই একটি রেসিপি হল কই ভুনা। এটি বাংলার এক হারিয়ে যাওয়া রেসিপি। কই ভুনা হল একটি রান্না, যেখানে মশলা পুরোপুরি ভাজা হয়।
উপকরণ:
কই মাছ – ৬টি
তেল – ২ টেবিল চামচ
পেঁয়াজ কুচি – ১টি
রসুন বাটা – ১ চা চামচ
আদা বাটা – ১ চা চামচ
লাল লঙ্কা গুঁড়া – ১ চা চামচ
হলুদ গুঁড়া – ১/২ চা চামচ
জিরা গুঁড়া – ১/২ চা চামচ
লবণ – স্বাদমতো
প্রণালি:
কই মাছ ভাল করে ধুয়ে লবণ, হলুদ এবং একটু সরষের তেল মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। কই মাছ ভীষন ফোটে, তাই তেল মাখিয়ে রেখে দেওয়া হয়। কিছুক্ষণ পর কড়াইয়ে সরষের তেল দিন। মাছ ভেজে তুলে রাখুন। এই রান্নাটি কিন্তু সরষের তেলেই করবেন। আরও একটু তেল দিয়ে কড়াইয়ে পেঁয়াজ, রসুন, আদা একে একে দিয়ে ভালোভাবে ভেজে নিন। তারপর মশলা মানে লঙ্কা বাটা, জিরা বাটা এবং হলুদ গুঁড়ো মিশিয়ে ভাল করে ভাজুন।
এই রান্না করতে খুব বেশিক্ষণ সময় লাগে না। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে মাছগুলো প্যানে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার বেশ খানিকটা সময় ধরে চাপা ঢাকা দিয়ে দিয়ে ভুনা করুন। হয়ে গেলে নামিয়ে নিন। তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কই ভুনা।