নিজস্ব প্রতিনিধি: আর কিছু দিন পরেই বঙ্গে প্রবেশ করবে বর্ষা। তখন সারাদিন ধরে চলবে একটানা বৃষ্টি। আর ঘরে থাকা মানেই কিছু না কিছু খেতে মন চাইবে। তবে বর্ষা মানেই দুপুরের পাতে থাকবে খিচুড়ি। আর তার সঙ্গে যদি থাকে ইলিশ মাছের যে কোনও রেসিপি তাহলে তো কোনও কথাই নেই। সে ইলিশ মাছ ভাজাই হোক, মাছের ডিমের বড়া বা ভাপা সব রান্নাই যেন প্রিয়। দাম বাড়লেও ইলিশ মাছ ছেড়ে অন্য কোনও বিকল্প পথ এখনও পর্যন্ত খুঁজে পায়নি বাঙালি। তাই আজ জেনে নিন ইলিশের আরেকটি সুস্বাদু রেসিপি। যা একবার খেলে বার বার খেতে ইচ্ছে করবে।
তবে এবার ইলিশ মাছ জিরে ও সর্ষে দিয়ে রেঁধে ফেলুন। প্রথম ইলিশ মাছ এলে তা প্রথমে পরিষ্কার করে নিন। তারপর একটি মিক্সিতে কাঁচা লঙ্কা, কালো সর্ষে, সাদা গোটা সর্ষে, নুন, অল্প চিনি, নারকেল বাটা দিয়ে ভাল করে পেস্ট বানিয়ে নিন।
এরপর গোটা জিরেকে কড়াইয়ের মধ্যে অল্প ভেজে তাতে শুকনো লঙ্কা দিয়ে মিক্সিতে ভাল করে বেটে নিন। তারপর ইলিশ মাছের গায়ে ভাল করে মাখিয়ে নিন। সেই সঙ্গে ইলিশ মাছ রান্না করার আগে অবশ্যই নুন ও হলুদ মাখিয়ে নিতে হবে।
অন্যদিকে, কড়াইতে তেল গরম করে নিন। তাতে কাঁচালঙ্কা কেটে ফোড়ন দিন। তাতে অল্প গোটা জিরেও দিতে পারেন। এরপর ম্যারিনেট করা ইলিশ মাছ ভেজে নিন। সমস্ত মশলার পেস্ট দিয়ে দিন। অল্প ভাজা হলে পরিমাণ মতো জল ও স্বাদ অনুযায়ী নুন দিয়ে ফুটতে দিন। মাছ সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন।