নিজস্ব প্রতিনিধি: বাঙালির ছুটির দিন মানে পেটপুজো আগে তার পর অন্য কিছু। তার মাসের ছুটির চারদিন রকমারি পদ না খেলে আনন্দটাই মাটি। অনেকে বাইরে খান আবার বহু মানুষ এই ক’দিন বাড়িতে রান্না করার পরিকল্পনা রাখেন। তবে ছুটির দিনে বেশিক্ষণ তো রান্নাঘরে থাকতে ভাল লাগে না। সারা সপ্তাহ কাজের পর এই একটি দিনই তো পাওয়া যায়। তবে মাত্র ১৫ মিনিটেই আপনি বানিয়ে নিতে পারেন চিকেনের এক অসাধারণ পদ। নাম হানি মাস্টার্ড চিকেন। চোট করে দেখে নিন এই পদের সহজ রেসিপি-
উপকরণ:
দেড় কেজি চিকেন, অলিভ অয়েল চার চামচ, নুন স্বাদ মতো, মধু আধ কাপ, সাদা সর্ষে বাটা এবং কালো সর্ষে বাটা মিলিয়ে আধ কাপ, কর্নস্টার্চ পাউডার দুই চামচ, গোলমরিচ গুঁড়ো, ধনে পাতা কুচি, তিল।
রন্ধণ প্রণালী:
সবার আগে চিকেনটা ধুয়ে নিন ভাল করে। এরপর সেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিন। তারপর একটা পাত্রে কর্নস্টার্চ ঠাণ্ডা জলে গুলে রাখুন।
এবার একটা কড়াইতে তেল গরম করতে দিন। তেল গরম হলে এবার একে একে দিয়ে দিন মাংস, স্বাদ মতো নুন, এবং গোলমরিচ গুঁড়ো। এবার পুরো জিনিসটাকে মিনিট ৫-৭ নাড়াচাড়া করুন। মাঝারি আঁচে রান্না করবেন। নজর রাখবেন যাতে মাংস ভাল করে সেদ্ধ হয়।
এবার মাংসটা ভাজা করে নিন। এই ভাজার সময়ই চট করে একটি পাত্রে মধু এবং সর্ষে বাটা দুটো নিয়ে নিন। এবার দুটোকে ভাল করে মিশিয়ে একটা সস বানিয়ে নিন। চেখে দেখে নিন ঝাল মিষ্টি স্বাদ আসছে কিনা। যদি বেশি ঝাল লাগে তাহলে আরও একটু মধু যোগ করে দেবেন। আর মিষ্টি হলে সর্ষে বাটা দেবেন। দুটো সমান সমান হতে হবে।
এবার এই সসটাকে মাংসের মধ্যে ঢেলে দিয়ে অল্প আঁচে রান্না করুন। মাংসের সঙ্গে সস যেন ভাল করে মিশে যায় সেটা খেয়াল রাখবেন। মিনিট দুই থেক তিন নাড়াচাড়া করুন।
এবার এতে আগে থেকে গুলে রাখা ওই কর্নস্টার্চ দিয়ে দিন, এটা দিলে গ্রেভি ঘন হবে। কিন্তু বেশি ঘন করবেন না গ্রেভি। একটু নেড়েচেড়ে নামিয়ে নেবেন। চাইলে উপর থেকে তিল আর ধনে পাতা কুচি ছড়িয়ে দিতে পারেন। ব্যাস তৈরি হানি মাস্টার্ড চিকেন।