নিজস্ব প্রতিনিধি: সারা সপ্তাহ অফিসের জন্য ঠিক করে রান্না করাই হয় না। তাই ছুটির দিন ভাল ভাল রান্না করতে অনেকেরই ইচ্ছে করে। তবে প্রত্যেক দিন ছুটিতে কি মাংস খেতে ভাল লাগে। স্বাদ বদল তো একটু করতে ইচ্ছে করে নাকি? তবে কচুশাক খেতে অনেকেই পছন্দ করেন। আর থোড় ভাজা, ঘণ্ট প্রায় খাওয়া হয়। এবার এদের দু’জনকেই একসঙ্গে রেঁধে ফেলুন। কচুশাক ও থোড় একসঙ্গে করেও দূর্দান্ত যে রেসিপি তৈরি হয় তা জানতেন? চলুন আজ জেনে নেওয়া যাক। কীভাবে তৈরি করবেন এই রেসিপি।
কী কী উপকরণ লাগবে: প্রথমেই লাগবে থোড় আর কচুশাক। তার পর সেই সঙ্গে লাগবে তেল, আদা বাটা, তেজ পাতা, শুকনোলঙ্কা, নারকেল কোড়া, গোলমরিচ বাটা, নুন, হলুদ, মিষ্টি।
কীভাবে বানাবেন
প্রথমে কচুশাক ও থোড়টিকে ভাল করে কেটে নিন। দুটিকে আলাদা ভাবে ভাল ভাবে সেদ্ধ করে নিন। তার পর যখন দেখবেন ভাল মতো সেদ্ধ হয়ে গিয়েছে তখন দুটোরই ভাল করে জল ঝরিয়ে নেবেন। তার পর থোড় ও কচুশাক একসঙ্গে চটকে মেখে নিন। কড়াইয়ে তেল দিয়ে তাতে জিরে, তেজপাতা ও শুকনোলঙ্কা ফোঁড়ন দিন। ফোঁড়ন থেকে গন্ধ বেরোতে শুরু করলে আগে থেকে মেখে রাখা কচুশাক ও থোড় কড়াইয়ে দিয়ে নাড়তে থাকুন। তার পর ভাল করে কষানো হলে তাতে দিন নুন, হলুদ, মিষ্টি ও নারকেল কোড়া, নিরামিশ তরকারি তো, তাই একটু মিষ্টি মিষ্টি হবে। খেতে হবে দুর্দান্ত।