নিজস্ব প্রতিনিধি : বর্ষা মানেই খিচুড়ি আর ইলিশ মাছ। কিন্তু বাজারে গিয়ে ইলিশ মাছ কিনতে গেলে হাতে লাগছে ছ্যাঁকা। তাই খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ ভাজা খাওয়া এখন দূর। রবিবার ছুটির দিনে বর্ষাকালে ইলিশ মাছ বা খাসির মাংস হলে জমে যায়। কিন্তু দামের কারণে তার সম্ভব হচ্ছে না। ইলিশের দুঃখ ভুলতে সেই জায়গায় আপনি বানিয়ে নিতেই পারেন মাছের দই পোস্ত। রুই, কাতলা বা ভেটকি মাছ দিয়ে এই বিশেষ রান্নাটি আপনি করে নিতে পারেন। ছুটির দিনে গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে জমে যাবে মাছের দই পোস্ত। চাইলে পোলাওয়ের সঙ্গেও খেতে পারেন এটি। কিভাবে বানাবেন এই দই পোস্ত। জেনে নিন-
উপকরণ- ৪ পিস ভেটকি, কাতলা বা রুই, ১ টুকরো দারচিনি, ৩টি লবঙ্গ, ২টি এলাচ, ৪টি শুকনোলঙ্কা, ৮ থেকে ১০টা গোলমরিচ, ২ টেবিল চামচ পেঁয়াজবাটা, এক টেবিলচামচ রসুনবাটা, এক টেবিল চামচ কাঁচালঙ্কা বাটা, এক টেবিল চামচ পোস্তবাটা, এক টেবিল চামচ কাজুবাদামবাটা, এক চা চামচ গোলমরিচ গুড়ো, ৪-৫ টেবিল চামচ সাদা তেল, ২ চামচ দই, পরিমাণমতো নুন ও চিনি।
প্রণালী- প্রথমেই বাজার থেকে মাছ এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার তাতে নুন ও হলুদ মাখিয়ে ভেজে রাখতে হবে। মাছ ভাজার তেলেই গোটা গরমমসলা, গোটা গোলমরিচ ও শুকনো লঙ্কা দিয়ে নাড়তে হবে। এর পরেই সমস্ত বাটা মশলা অর্থাৎ পেঁয়াজবাটা, রসুনবাটা, কাঁচালঙ্কাবাটা ভালো করে দিয়ে কষাতে হবে। কষানো হয়ে এলে তার মধ্যে পোস্তবাটা, দই ও কাজুবাদাম বাটা দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে। এরপরই তার মধ্য থেকে তেল ছেড়ে আসবে। এরপরে দিতে হবে গোলমরিচগুড়ো নুন ও চিনি। ভালো করে কষানো হয়ে গেলে অল্প একটু জল দিয়ে তা ফুটে উঠলে মাছ ভাজাগুলো দিয়ে দিতে হবে।। মাছভাজা দিয়ে সেটি ঢাকা দিয়ে দিতে হবে। ৫ মিনিট রেখে আজ বন্ধ করে ওপর থেকে সেরা কাঁচালঙ্কা দিয়ে পরিবেশন করুন মাছের দই পোস্ত।