নিজস্ব প্রতিনিধি: বাঙালি মানেই ভোজনপ্রীয়। আমিষ-নিরামিষ খাবারের সঙ্গে সঙ্গে মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করেন আমবাঙালি। রসনাতৃপ্তির জন্য একাধিক রান্না হয়ে থাকে রান্নাঘরে। রসনাতৃপ্তি আনতে খাবারের থানা সাজিয়ে তুলতে পারেন। বাড়িতেই অতি সহজে বানিয়ে নিতে পারেন কয়েকটি পদ। শেষ পাতে জমে যাবে।
শ্রীখণ্ড
উপকরণ: টক দই ২৫০ গ্রাম, চিনি ৫০ গ্রাম, কেশর হাফ চামচ, দুধ অল্প গরম করে নেওয়া ১ টেবিল চামচ, পেস্তা কুচি পরিমাণ মতো।
প্রণালী: প্রথমে সামান্য কেশর দুধে ভিজিয়ে রাখতে হবে। দইয়ের জল ঝরিয়ে নিতে হবে। এবার পেস্তা বাদে সব উপকরণ একটা বড় বাটিতে নিয়ে ভালো করে মিশিয়ে নিন। উপর দিয়ে পেস্তা ছড়িয়ে দিলেই তৈরি হবে শ্রীখণ্ড। ঠান্ডা হলেই সেটা পরিবেশন করুন।
আনারসের চাটনি
উপকরণ : গ্রেট করা একটি আনারস ১ বাটি, চিনি হাফ বাটি, বিটনুন সামান্য, পাতিলেবুর রস ১ চামচ, কিশমিশ ৮-১০টি।
প্রণালী: প্রথমে গ্রেট করা আনারস কড়াইতে দিয়ে নাড়তে হবে। যতক্ষণ না আনারসের রস সম্পূর্ণ শুকিয়ে যায় ততক্ষণ আঁচে বসিয়ে নাড়তে হবে। তরমধ্যে কিশমিশ দিতে হবে। রস একটু শুকিয়ে এলে চিনি দিতে হবে। নামানোর আগে বিট নুন দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে। লেবুর রস ছড়িয়ে পরিবেশন করুন।
আলুর পাঁপড়
উপকরণ: সেদ্ধ আলু ২৫০ গ্রাম, জ্বাল দেওয়া সাবু ২০০ গ্রাম, নুন স্বাদ মতো, খাবার সোডা এক চিমটে, চিলি ফ্লেক্স ১ চা চামচ, গোটা জিরে ১ চা চামচ, সাদা তেল প্রয়োজন মতো।
প্রণালী : প্রথমে সেদ্ধ আলু গ্রেট করে নিতে হবে। তারপর তা ভালো করে মেখে নিতে হবে। এরপর জ্বাল দেওয়া সাবু ব্লেন্ডারে দিয়ে একটু ব্লেন্ড করতে হবে। তারপর নুন, খাবার সোডা , চিলি ফ্লেক্স, গোটা জিরে, দু’চামচ মতো সাদা তেল দিয়ে সাবু আর আলু ভালো করে ব্লেন্ড করতে হবে। এবার একটি থালায় তেল মাখিয়ে তাতে অল্প অল্প করে এই মিশ্রণ গোল করে ছড়িয়ে দিন। রোদে শুকিয়ে পাপড়ি বানিয়ে নিন।