নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে যখন পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের শরণাপন্ন মোল্লা মুহাম্মদ ইউনূস, ঠিক তখনই একের পর এক জেলায় আইনজীবী সমিতির নির্বাচনে জয়লাভ করছেন আওয়ামী লীগ পন্থীরা। আর তাতেই ঘুম উবেছে ইউনূস ও তার গ্যাংয়ের। মাত্র পাঁচ মাসের মধ্যেই আওয়ামী লীগ এভাবে ঘুরে দাঁড়াবে তা কল্পনাও করতে পারেননি আইএসআইয়ের পোষ্যভৃত্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। তবে আওয়ামী লীগের এমন বিজয়ে খুব একটা অবাক নন সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী জেড আই খান পান্না, বর্ষীয়ান সাংবাদিক মাসুদ কামালরা। তাঁদের মতে, ‘বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়ার স্বপ্ন একমাত্র মূর্খরাই দেখতে পারে।’
গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পরে কার্যত আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রাণ ভয়ে গা ঢাকা দিয়েছিলেন। এমনকি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট-সহ বিভিন্ন জেলা আদালতেও আওয়ামীপন্থী আইনজীবীদের দেখা মেলেনি। ফলস্বরূপ অন্তর্বর্তী সরকারের দেওয়া মিথ্য মামলায় গ্রেফতার হওয়া শেখ হাসিনার প্রাক্তন মন্ত্রী সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের হয়ে আদালতে সওয়াল করতে দেখা যায়নি কোনও আইনজীবীকে। কিন্তু গত কয়েকদিনে পরিস্থিতি আচমকাই বদলেছে।
গত ১৬ জানুয়ারি সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ২৬টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ ১২টিতে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা জয়লাভ করেন। এ ছাড়া বিএনপিপন্থী ছয়জন ও জামায়াতপন্থী পাঁচজন জিতেছেন। গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি পদ ছাড়া বাকি সব কয়টি পদ দখল করেছেন আওয়ামী লীগ ঘনিষ্ঠরা। মাদারীপুরের পাশাপাশি বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনও অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনেও জয়জয়কার হয়েছে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের। ১৫টি পদের মধ্যে সাধারণ সম্পাদক-সহ ৯টি পদে জয়লাভ করেছেন তাঁরা। বিএনপিপন্থী প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন ৫ জন। তার মধ্যে দুই জন বিনা ভোটে জয়ী হয়েছেন।