নিজস্ব প্রতিনিধি : ট্যাংরাকাণ্ডের ছায়া রাজারহাটে। ফের একই পরিবারের ৩জনের আত্মহত্য়ার চেষ্টায় দানা বাঁধছে রহস্য। প্রচুর পরিমাণে দেনা হয়ে যাওয়ায় স্ত্রী ও মাকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ব্যবসায়ী। এই ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। আরেকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গিয়েছে, রাজারহাটের নারায়ণপুরের দেবী পার্কের বাসিন্দা সঞ্জয় দে। স্ত্রী ও মাকে নিয়ে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তিনি। বাজারে প্রচুর দেনা ছিল তাঁর। দেনা মেটাতে বাড়ি, গাড়িও বিক্রি করে দিয়েছিলেন বলে জানা যায়। এরপরেই বাড়ির তিনজন ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। অনেক ডাকাডাকির পর দরজা না খোলায় স্থানীয়রা খবর দেয় নারায়ণপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। তাঁরা এসে দরজা ভেঙে তিনজনকে উদ্ধার করে। তিনজনকেই হাসপাতালে নিয়ে যাওয়ার পর ব্যবসায়ীর স্ত্রী ও মাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। হাসপাতালেই ভর্তি রয়েছেন ওই ব্যবসায়ী সঞ্জয় দে। তিনি সুস্থ হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে নারায়ণপুর থানার পুলিশ।
ট্যাংরা হত্যাকাণ্ডের চার্জ গঠন হয়েছে বৃহস্পতিবার। ওই দিনেই একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা ব্যবসায়ীর। ট্যাংরাতেও দেনার দায়ে বাড়ির দুই পুত্রবধূ ও নাবালিকাকে খুন করে নিজেরা দুর্ঘটনা ঘটিয়েছিলেন দে পরিবারের দুই ছেলে। তাদের গ্রেফতারও করেছে পুলিশ। ঘটনার ঘটনার প্রায় ৭ মাস পর গঠন করা হয়েছে চার্জ। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৬ সেপ্টেম্বর। ট্যাংরা হ্ত্যাকাণ্ডের চার্জ গঠনের দিনেই একই ঘটনা ঘটল শহরে। গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।