নিজস্ব প্রতিনিধি : ডায়াগনস্টিক সেন্টারের কর্মীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়িতে। ওই সেন্টারের ভেতরের একটি ঘর থেকে এককর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম রাহুল ঝাঁ।
সূত্রের খবর, শনিবার জলপাইগুড়ির হাকিমপাড়ার একটি ডায়াগনস্টিক সেন্টারের ভেতরে ঝুলন্ত অবস্থায় কর্মীরা রাহুলকে দেখতে পায়। এই অবস্থায় দেখতে পেয়ে কর্তৃপক্ষকে প্রথম খবর দেয় তাঁরা। সেখান থেকেই খবর যায় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। তারাই এসে দেহ উদ্ধার করে। তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার রাতে মৃত কর্মীর পরিবার ও প্রতিবেশীরা ওই ডায়াগনস্টিক সেন্টারের সামনে বিক্ষোভ দেখায়। ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। গোটা ডায়াগনস্টিক সেন্টার ইতিমধ্যে সিল করে দিয়ে গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। মৃতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতন করা হচ্ছিল ওই যুবকের ওপরে। বাধ্য হয়ে মানসিক চাপ নিতে না পেরে চরম পদক্ষেপ গ্রহণ করেছে রাহুল খাঁ। দোষীদের বিরুদ্ধে চরম শাস্তির দাবি তুলেছে মৃতের পরিবার। শনিবার আসলে কি ঘটেছিল সবটা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি ওই ডায়াগনস্টিক সেন্টারের সকল কর্মী ও কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শনিবার যআঁরা উপস্থিত ছিলেন, তাঁরা কী দেখেছেন, সবটাই জানতে তদন্ত করছেন পুলিশ আধিকারিকরা। দেহ ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।