নিজস্ব প্রতিনিধি, খড়্গপুর : ফের ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল খড়্গপুর আইআইটিতে। শুক্রবার সকালেই আইআইটির রাজেন্দ্র প্রসাদ হল থেকে উদ্ধার হয়েছে ঋতম মণ্ডলের দেহ। জানা গিয়েছে, এদিন সকালে তাঁর খোঁজে এসেছিল বন্ধুরা। দরজা বন্ধ থাকায় অনেকক্ষণ ডাকাডাকি করা হয়। দরজা না খোলায় সন্দেহ হয়। তাঁরাই খবর দেয় ম্যানেজমেন্টকে। খবর যায় খড়্গপুর টাউন থানায়। পুলিশ এসে দরজা ভাঙলে ভিতরে ঝুলন্ত অবস্থায় দেখা যায় ঋতমকে। তারপরেই দেহ উদ্ধার করে বিসি রায় হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, খড়্গপুর আইআইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-র চতুর্থ বর্ষের ছাত্র ঋতম মণ্ডল। ছাত্রদের মন বুঝতে যখন আইআইটির পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে, যখন তাঁদের সমস্য়ার নিয়ে কথা বলা হচ্ছে, তখনই এমন ঘটনা ফের প্রকাশ্যে এসেছে। মৃত ছাত্র দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। এদিন পুলিশ হলে ঢুকে দেখতে পান গলায় গামছা দিয়ে ফ্যান থেকে ঝুলছে ঋতমের দেহ।
ঋতমের বাবা উত্তম কুমার মণ্ডল সহ পরিবারের সকলকে খবর দেওয়া হয়েছে। তাঁরা ইতিমধ্য়েই খড়্গপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কিন্তু কেন ওই ছাত্র আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। গোটা বিষয়টি জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ছাত্রদের অস্বাভাবিক মৃত্যুর খবর মাঝে মধ্য়েই পাওয়া যায়। এই পরিস্থিতিতে রাশ টানতে ব্যবস্থা নিয়েছে আইআইটি খড়্গপুর। ছাত্রদের মনের অবস্থা বুঝতে ব্যবস্থা নেওয়া হয়েছে। ছাত্ররা যাতে ডিপ্রেশনে না ভোগেন সেই দিকে নজর দিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। হলে গিয়ে ছাত্রদের মানসিক অবস্থার খোঁজ নেওয়া হচ্ছে। তারমধ্যেই ঘটে গেল দুর্ঘটনা। প্রসঙ্গত, ২০২২ সালের অক্টোবর মাস থেকে এখনও পর্যন্ত IIT খড়্গপুর ক্যাম্পাসে সাত জন পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয়েছে।