আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা : প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের কার্যকলাপকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। তারপরেই আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (DB)।
জানা গিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত পৌনে ১২টার দিকে তাঁকে গ্রেফতার করা হয়। এই প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকার ধানমন্ডি থেকে প্রাক্তন সাংসদ মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়েছে। মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক মামলা রয়েছে। সোমবার রাতে তাঁর ধানমন্ডির বাড়িতে পুলিশ গিয়েছিল। স্টার কাবাবের পেছনে তাঁর বাড়ি। সেখান থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার গ্রেফতারের পর মঙ্গলবারই তাঁকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে তোলা হতে পারে বলে জানা গিয়েছে।
মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ–২ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে জয়লাভ করেছিলেন। আওয়ামী লীগের সাংসদ হিসেবে দায়িত্ব সামলেছেন। আওয়ামী লীগের সাংসদ ছাড়াও তাঁর আলাদা পরিচিতি রয়েছে। তিনি একজন লোকশিল্পী। বাংলাদেশে একজন জনপ্রীয় সঙ্গীতশিল্পীও বটে। ২০২২ সালের জুনে বিএনপিকর্মী সৈয়দ হাসান মাহমুদকে হত্যাচেষ্টার অভিযোগে গত অক্টোবরে একটি মামলা দায়ের হয়। সেই মামলার আসামি মমতাজ।
গত বছরের হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন মমতাজ বেগম। ২০০৮ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সদস্য মনোনীত হয়েছিলেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন মমতাজ বেগম। ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের টিকিটেই লড়াই করেছিলেন। কিন্তু পরাজিত হন। তারপর থেকেই তাঁকে রাজনীতিতে আর সক্রিয়ভাবে দেখতে পাওয়া যায়নি।