নিজস্ব প্রতিনিধি : খড়্গপুর আইআইটি থেকে ফের উদ্ধার মহারাষ্ট্রের পড়ুয়ার দেহ। রবিবার রাতে হস্টেল ঘর থেকে উদ্ধার হয়েছে দেহটি। তাঁর রহস্যজনক মৃত্যু ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য।
জানা গিয়েছে, বছর বাইশের যুবক অনিকেত ওয়ালকর ওশিয়ান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড নাভাল আর্কিটেকচার বিভাগের চতুর্থবর্ষের পড়ুয়া ছিলেন। এটাই ছিল তার ফাইনাল ইয়ার। চলতি বছরেই আইআইটি থেকে উত্তীর্ণ হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই সব শেষ।
সূত্রের খবর, খড়্গপুর আইআইটি-র জগদীশচন্দ্র বসু হলের সি-২১৪ নম্বর ঘরে থাকত অনিকেত। রবিবার সন্ধ্যা থেকেই ঘরের দরজা বন্ধ ছিল। একবারের জন্য তাঁকে দেখতে পাননি সহপাঠীরা। রাত হলেও ঘর থেকে না বের হওয়ায় সন্দেহ হয় সকলের। এরপরেই সকলে মিলে তাঁকে ডাকাডাকি করে। তাতেও সাড়া মিলছিল না। দরজা ধাক্কা দিয়েও সাড়া না পেয়ে, দরজা ভাঙে সহপাঠীরা। ঘরে ঢুকেই চমকে যায় সকলে। সিলিং থেকে ঝুলছে অনিকেতের দেহ। ততক্ষণে শরীর ঠান্ডা হয়ে এসেছে বলে জানা গিয়েছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। হস্টেল কর্তৃপক্ষ খবর দিয়েছে পরিবারকে। দেহ ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠিয়েছে পুলিশ। হস্টেলরুমটি তদন্তের জন্য সিল করে দিয়েছে পুলিশ। কিন্তু কী কারণে এই মৃত্যু তা নিয়ে ধন্দে পুলিশ। সহপাঠীরাও বুঝতে পারছেন না কেন আত্মঘাতী হয়েছেন ওই পড়ুয়া।
প্রসঙ্গত, ৩ মাস আগেই খড়্গপুর আইআইটির হস্টেল থেকে শাওন মালিক নামে এক যুবকের ঝুলন্তদেহ পাওয়া গিয়েছিল। তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন। ৩মাসের মাথায় ফের পড়ুয়ার রহস্যমত্যু ঘিরে শুরু হয়েছে জল্পনা।