নিজস্ব প্রতিনিধি: মাত্র ১২ বছর বয়সেই অকালমৃত্যুর শিকার জলপাইগুড়ির(Jalpaiguri District) কিশোরী। রাতের অন্ধকারে চিতাবাঘের অতর্কিত আক্রমণে(Leopard Attack) করুণ পরিণতির শিকার লীলাবতী গোয়ালা নামক ওই কিশোরী। তাঁর ক্ষতবিক্ষত দেহ এলাকাবাসীদের উদ্যোগে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নাগরাকাটা ব্লকের ডায়না রেঞ্জের অন্তর্গত খেরকাটা বস্তিতে। ঘটনার জেরে স্বাভাবিকভাবেই এলাকাবাসীদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।
আরও পড়ুনঃ গোপন ভিডিও ফুটেজ ডিলিটের অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে
স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, রবিবার ভোরের দিকে বাড়ির উঠোনে বসে ছিলেন ওই কিশোরী। কিন্তু ঘুণাক্ষরেও টের পাননি দুটি হিংস্র চোখ নিশ্চুপে শিকার হিসেবে নিশানা করেছে তাঁকে। এরপর সুযোগ বুঝে লীলাবতীর ওপর ঝাঁপিয়ে পড়ে বন্যপ্রাণীটি। কিশোরীর ঘাড় কামড়ে ধরে তাঁকে সোজা জঙ্গলে টেনে নিয়ে যায় চিতাবাঘটি। অনেক খোঁজাখুঁজি করার পর কিশোরীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেন স্থানীয়রা। খবর পেয়ে এলাকায় পৌঁছয় খুনিয়া রেঞ্জের আধিকারিক এবং ডায়না রেঞ্জের বনকর্মীরা। প্রায় একইসঙ্গে এসে উপস্থিত হয় নাগরাকাটা থানার পুলিশ। কিন্তু মৃতদেহ ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। তাঁদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে থাকেন পুলিশের কাছে। যদিও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
আরও পড়ুনঃ মুখোমুখি দুই নারী বাহিনী, আজ রাতেই বিশ্বকাপ ফাইনাল নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার
প্রশাসনের তরফ থেকে দেহ থানায় নিয়ে আসা হয়। এরপর ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয়েছে জলপাইগুড়ি হাসপাতালে। জলপাইগুড়ি বন্যপ্রাণী বিভাগের আধিকারিক রাজীব দে জানান, ‘চিতাবাঘের হামলায় মেয়েটির মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি আমরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই কিশোরী শৌচকর্ম করতে যাওয়ার সময় চিতাবাঘের হামলার শিকার হয়।’ এই ঘটনার পর বন বিভাগের কর্তাদের তরফে এলাকাবাসীদের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সেই বিষয়েও আলোচনা করা হবে।