নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চোর হিসাবে গোটা বিশ্বেই বাংলাদেশিদের ‘সুনাম’ রয়েছে। এবার বাংলাদেশি চোরেদের হাত থেকে রেহাই পেলেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-ও। শক্তিপীঠ হিসাবে পরিচিত বাংলাদেশের সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দিরে মা কালীকে ভারতের প্রধানমন্ত্রীর দেওয়া সোনার মুকুট রহস্যজনকভাবে চুরি গিয়েছে। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) মহা সপ্তমীর দিন দুপুরে মন্দিরের মা কালীর মাথা থেকে ওই মুকুট হাতিয়ে চম্পট দিয়েছে চোর বাবাজীরা। মোদির দেওয়া মুকুট চুরির কথা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। যদিও দায়সারা গোছের তদন্ত শুরু করেছে শ্যামনগর থানার পুলিশ।
বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে যোগ দিতে করোনা মহামারীর মধ্যেই ২০২১ সালের মার্চে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই সফরের সময়ে ২৭ মার্চ তিনি সটান পৌঁছে গিয়েছিলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে অবস্থিত যশোরেশ্বরী মন্দিরে। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে যশোরেশ্বরী মন্দির ৫২ সতী পীঠের অন্যতম পীঠ হিসাবে পরিচিত। যশোরেশ্বরী মন্দির পরিদর্শনের সময়ে মা কালীকে নিজের হাতে সোনার মুকুট পরিয়ে দিয়েছিলেন মোদি। সেই সঙ্গে মন্দিরে বিশেষ প্রার্থনায় অংশও নিয়েছিলেন।
এদিন বেলা আড়াইটার দিকে মন্দিরের মা কালীর মাথায় শোভা পাওয়া মোদির দেওয়া মুকুটটি চুরি হয়ে যায়। মন্দিরের প্রধান পুরোহিত দিলীপ মুখোপাধ্যায় জানিয়েছেন, বেলা দুটো নাগাদ পুজো শেষ করে বিশ্রাম নিতে বাড়ি যান তিনি।খানিকবাদে মন্দিরের সাফাই কর্মীরা মন্দিরে প্রবেশ করেন। সাফাইয়ের কাজ শেষ হওয়ার পর তারা জানান, মন্দিরের মা কালীর মাথার সোনার মুকুটটি নেই। মুকুট চুরির কথা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। অনেক ভক্তই খবর পেয়ে মন্দির চত্বরে হাজির হয়। ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। খবর দেওয়া হয় পুলিশকে। মোদির দেওয়া মুকুট চুরির খবর পেয়ে মন্দিরে ছুটে যান সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম ও শ্যামনগর থানার ওসি তাইজুল ইসলাম। ভক্তদের ক্ষোভ প্রশমনে চুরি যাওয়া মুকুট উদ্ধারের জন্য যাবতীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন তাঁরা। রাতে শ্যামনগর থানার ওসি সাংবাদিকদের জানান, চোরদের শনাক্ত করতে মন্দির চত্বরে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।