নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের উপরে বিতর্কে অংশ নিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প ‘মেক ইন ইন্ডিয়া’-কে খোঁচা দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিতর্কে অংশ নিতে গিয়ে কটাক্ষের সুরে তিনি বলেন ‘মেক ইন ইন্ডিয়া এক আইডিয়া ছিল। প্রধানমন্ত্রী চেষ্টাও চালিয়েছিলেন। কিন্তু পুরো ব্যর্থ হয়েছেন। মেক ইন ইন্ডিয়ার নামে চিনা মোবাইল ফোনের যন্ত্রাংশ জুড়ে বাজারজাত করা হচ্ছে।’
লোকসভায় রাষ্ট্রপতির ভাষণ নিয়ে বিতর্কে অংশ নিতে গিয়ে কর্মসংস্থানের জন্য যথেষ্ট উদ্যোগ না নেওয়ায় যেমন এনডিএ সরকারকে বিঁধেছেন রাহুল, তেমনই কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারকেও কাঠগড়ায় তুলেছেন। তাঁর কথায়, ‘বেকারত্ব ক্রমশই চরম সীমায় পৌঁছৈছে। না ইউপিএ সরকার, না এনডিএ সরকার কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। বলতে দ্বিধা নেই, দুই সরকারই কর্মসংস্থান তৈরিতে ব্যর্থ হয়েছে।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প ‘মেক ইন ইন্ডিয়া’ মুখ থুবড়ে পড়ছে বলে অভিযোগ করে রাহুল বলেন, ‘প্রধানমন্ত্রী যখন ‘মেক ইন ইন্ডিয়া’ ঘোষণা করেছিলেন তখন খুশি হয়েছিলাম। আমার দেশ সব ক্ষেত্রে আত্মনির্ভর হবে জেনে ভালো লেগেছিল। কিন্তু সেই মেক ইন ইন্ডিয়া আজ মুখ থুবড়ে পড়েছে। উৎপাদন শিল্পে (ম্যানুফ্যাকচারিং) এতটাই মন্দা এসেছে যে গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে নিচে পৌঁছে গিয়েছে।’ নিজের মোবাইল ফোন তুলে ধরে লোকসভার বিরোধী দলনেতা বলেন, ‘আমরা বলছি, এই ফোন ভারতের মাটিতে তৈরি হয়েছে। কিন্তু বাস্তব হল, এই ফোনের সব যন্ত্রাংশ এসেছে চিন থেকে। এখানে শুধু যন্ত্রাংশ জোড়া হয়েছে।’