নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশে বেড়ে চলছে বন্য প্রাণীদের হামলার ঘটনা। প্রতিদিন সেখানে কোনও না কোনও বন্য প্রাণীর আক্রমণের শিকার হচ্ছেন আমজনতা। এবার বিজনৌর এলাকায় এক হোমগার্ড জওয়ানের উপর হামলা চালাল চিতাবাঘ। আর এই ঘটনার পরেই চিতাবাঘকে পিটিয়ে খুন করে স্থানীয়রা । এমনই উঠেছে অভিযোগ।
এই ঘটনা প্রসঙ্গে ডিভিশনাল ফরেস্ট অফিসার (ডিএফও) জ্ঞান সিং জানিয়েছেন, শুক্রবার রাতে বাড়ির গার্ড জওয়ান সুরেন্দ্র তাঁর দুই সন্তান দিশা, রেশু ও দীপাংশু – কে নিয়ে বাড়ির পিছনের দিকে গিয়েছিলেন। সেইসময় আচমকাই বাড়ির গার্ডের ওপর ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘটি। রেশু এবং দীপাংশু তাদের বাবাকে বাঁচাতে চিতাবাঘের সাথে ১০ মিনিট লড়াই করে। ততক্ষণে ওদের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এসে চিতাবাঘটিকে লাঠি দিয়ে পেটায়। আর তাতেই ঘটনাস্থলে ওই চিতাবাঘের মৃত্যু হয়। ইতিমধ্যেই চিতাবাঘটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। বন আধিকারিক জানিয়েছেন, নিহত চিতাবাঘটি মহিলা ছিল। বয়স আনুমানিক তিন বছর।
উল্লেখ্য, গত কয়েকদিনে উত্তরপ্রদেশের বিভিন্ন শহরে একাধিক বন্যপ্রাণীর হামলার ঘটনা সামনে এসেছে। প্রায় প্রতিদিনই বাঘের আক্রমণের খবর থাকে। এই ঘটনায় আহত হন বহু মানুষ। স্বাভাবিক ভাবে তাতেই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন উত্তরপ্রদেশের বাসিন্দারা। এই পরিস্থিতিতে চিতা বাঘ হামলা চালাতেই পিটিয়ে খুন করল স্থানীয়রা।