নিজস্ব প্রতিনিধি, হায়দরগড় : সপ্তাহের শুরুতেই বড় দুর্ঘটনা। শ্রাবণ মাসের সোমবার শিবের বিশেষ দিন। সেই শিবের আরাধনা করতে গিয়েই উত্তরপ্রদেশের ঔশানেশ্বর মহাদেব মন্দিরে ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। পুজো দিতে এসে তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে দুজনের। আহত হয়েছেন অনেকেই। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
জানা গিয়েছে উত্তরপ্রদেশের বারাবঙ্কী জেলার হায়দারগড়ে এই মহাদেব মন্দিরটি অত্যন্ত জনপ্রিয়। শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জল ঢালতে অন্যান্য শিব মন্দিরের মতো এই মন্দিরেও ভিড় ছিল চোখে পড়ার মতো। রবিবার রাত থেকেই মন্দিরে জড়ো হয়েছিলেন পুণ্যার্থীরা। সেই ভিড়েই ভোর তিনটে নাগাদ আশঙ্কায় বিদ্যুতের তার ছিড়ে পড়ে পুণ্যার্থীদের ভিড়ে। আতঙ্কে ছোটাছুটি শুরু হয়ে যায়। পদপিষ্ট হওয়ার মতো ঘটনা ঘটে।
সূত্রের খবর, সকাল থেকেই পুণ্যার্থীরা পূজো দিচ্ছিলেন। আচমকা একটি বাঁদর বিদ্যুতের তারের উপর লাফিয়ে পড়ে। তারটি ছিঁড়ে মন্দিরের ছাউনির ওপর পড়ে। মন্দিরের ছাউনিটি টিনের হওয়ায় সেখানে দাঁড়িয়ে থাকা পুণ্যার্থীরা শক খান। সেখান থেকেই কারেন্ট ছড়িয়ে পড়ে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে দেওয়া হয়েছে। সেখানে মৃত্যু হয়েছে দুজনের। বাকিদের চিকিৎসা চলছে।
মন্দিরের মধ্যে এই ধরনের ঘটনা ঘটায় দুঃখপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে উদ্ধারকাজে হাত লাগানোর জন্য। পাশাপাশি আহতদের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। মৃতদের মধ্যে একজন লোনিকাত্রা থানা এলাকার মুবারকপুর গ্রামের বাসিন্দা প্রশান্ত। আর এক জনের পরিচয় জানার চেষ্টা চলছে।
উল্লেখ্য, রবিবার উত্তরাখণ্ডের হরিদ্বারের বিখ্যাত মনসা দেবী মন্দিরে পদপিষ্ট হয়ে আটজনের মৃত্যুর খবর এসেছিল। আহত হয়েছিলেন ৫৫ জনের বেশি পুণ্যার্থী। রবিবারের পরেই সোমবার ফের আরও একটি মন্দিরে ঘটে গেল বড় দুর্ঘটনা।