নিজস্ব প্রতিনিধি, লখনউ: ট্রেনের কামরায় সিট নিয়ে ঝগড়া, তারপর রক্তপাত। দিল্লি থেকে ফেরার সময় দীপক যাদব নামে এক ব্যক্তির জীবন পরিণত হল কার্যত শেষযাত্রায়। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাগপতে। অভিযোগ সিট নিয়ে অশান্তির জেরে কয়েকজন যুবক দীপক যাদবকে ট্রেনের মধ্যে বেধড়ক মারধর করে। তারপর মৃত অবস্থায় স্টেশনে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে দীপকের পরিবার যতক্ষণে স্টেশনে পৌঁছায় ততক্ষণে সব শেষ।
জানা গিয়েছে, দীপক যাদব উত্তরপ্রদেশের বাগপতের খেকরা শহরের বাসিন্দা ছিলেন। প্রতিদিনের মতো কাজ সেরে দিল্লি-শ্যামলি প্যাসেঞ্জার ট্রেনে ফিরছিলেন তিনি। পরিবারের সদস্যদের অভিযোগ, রাহুল বাবা নামে এক যুবক ও তার সঙ্গীসাথীরা এই হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে। সিট নিয়ে তাদের সঙ্গেই বিবাদ হয়েছিল দীপকের। বিবাদ এতটাই বেড়ে যায় যে তা পরিণত হয় হাতাহাতিতে। এরপর ট্রেনের ভিতর ঘিরে ধরে দীপক যাদবকে হত্যা করা হয়।
দীপককে গুরুতর জখম করে স্টেশনে ফেলে রাখা হয়েছিল। পরিবারের সদস্যরা খবর পেয়ে এসে তাঁকে হাসপাতালেও নিয়ে যান। দুর্ভাগ্য, তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। জানা গিয়েছে, দিন কয়েক আগে দীপক যাদবের বন্ধুদের সঙ্গে বিবাদ হয় রাহুল বাবার বন্ধুদের। তার জের তো ছিলই, পাশাপাশি ট্রেনে বসার আসন নিয়ে গোলমালের জেরেই চলে গেল একটি প্রাণ।
বাগপত পুলিশ মামলাটি জিআরপি’র কাছে হস্তান্তর করেছে। জিআরপি সিও শ্বেতা আশুতোষ জানিয়েছেন, থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্তদের খুব তাড়াতাড়ি গ্রেফতার করা হবে। খুনের সঙ্গে যুক্ত কেউ পার পাবে না।