নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশে ঘটল নারকীয় ঘটনা। শ্বশুরের হাতে খুন হল বৌমা। আর হত্যাকাণ্ডের পর ধরা পড়ে যাওয়ার ভয়ে আত্মঘাতী হল শ্বশুর। পুলিশ সূত্রে খবর, উত্তর প্রদেশের মাহোবা জেলায় পুত্রবধূকে হত্যার পর জঙ্গলে গিয়ে আত্মহত্যা করেন ৫৮ বছর বয়সী ওই ব্যক্তি ।
শনিবার মহব্কান্ত এলাকার চৌকা গ্রামে নিজের বাড়িতে রক্তাক্ত অবস্থায় পুত্রবধূ মায়া দেবীর উদ্ধার হয়। তাঁর গলায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন স্টেশন হাউস অফিসার (এসএইচও) রাধেশ্যাম ভার্মা। ইতিমধ্যেই নিহত ওই মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন নির্যাতিতার শ্বশুর গোপাল কুশওয়াহা ও স্বামী রবি।
ইতিমধ্যেই শনিবার রাতে একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে শ্বশুর গোপাল কুশওয়াহার দেহ । পুলিশের অনুমান, ভয়ে গোপাল আত্মহত্যা করতে পারে। তবে এখনও পর্যন্ত নির্যাতিতার স্বামীর খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনা প্রসঙ্গে মায়া দেবীর বাবা রামকিষাণ কুশওয়াহার অভিযোগের ভিত্তিতে গোপাল ও তাঁর ছেলে রবির বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ। কী কারণে এই হত্যাকাণ্ড তা এখন জানা যায়নি। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।