নিজস্ব প্রতিনিধি, পালঘর: ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি ভেঙে পড়ার ঘটনায় ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শুক্রবার পালঘরে এক অনুষ্ঠানে ওই ঘটনার জন্য প্রকাশ্যে চেয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গেই মূর্তি ভেঙে পড়ার ঘটনায় ছত্রপতি শিবাজি মহারাজের কাছে ক্ষমা চেয়েছি। মূর্তি ভাঙার ঘটনায় যাদের ভাবাবেগে ধাক্কা লেগেছে, তাদের কাছেও ক্ষমা চাইছি। শিবাজি মহারাজকে যারা ভগবান হিসাবে মানেন তাদের কাছে নতমস্তস্কেই ক্ষমা চাইছি। আমি জানি, ভক্তদের কাছে আরাধ্যের চেয়ে বড় কিছু নেই।’
গত বছরের ডিসেম্বরে নৌ দিবসেই ছত্রপতি শিবাজি মহারাজের আবক্ষ মূর্তির উন্মোচন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই ওই মূর্তি ভেঙে চুরমার হয়ে গিয়েছে। অভিযোগ উঠেছে, মূর্তি নির্মাণের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। কংগ্রেস-এনসিপি ও শিবসেনার (উদ্ধব গোষ্ঠী) তরফ থেকে ওই ঘটনার জন্য মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের ইস্তফা দাবি করা হয়েছে। সাধারণ মরাঠারাও শিবাজীর মূর্তি ভাঙার ঘটনায় যথেষ্ট ক্ষুব্ধ।
সামনেই মহারাষ্ট্রের বিধানসভা ভোট। আর ওই ভোটের আগে শিবাজির মূর্তি ভাঙার ঘটনা মরাঠা রাজনীতিতে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। লোকসভা ভোটে এমনিতেই ধরাশায়ী হয়েছে বিজেপি ও এনডিএ জোট। বিধানসভা ভোটে ক্ষমতা ধরে রাখতে কোমর কষে ঝাঁপিয়েছে। একাধিক উন্নয়নমূলক কাজকর্মের শিলান্যাস চলছে। কিন্তু সব পরিকল্পনা ভেস্তে দিতে পারে শিবাজি মহারাজের মূর্তি ভাঙার ঘটনা।