নিজস্ব প্রতিনিধিঃ বর্তমানে গোটা দেশ জুড়ে চলছে আলু বিক্রেতাদের কর্ম বিরতি। আর তাতে বাজারে কমেছে আলুর জোগান। এরফলে চড়া দামে বিক্রি হচ্ছে আলু। তাই বাজার থেকে আলু কিনতে গেলে বেশ চিন্তার মধ্যে পড়তে হচ্ছে মধ্যবিত্তদের। এই আবহে বুধবার সরকারপক্ষের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসেছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। আর সেই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে আমজনতা থেকে শুরু করে খুচরো ব্যবসায়ীরা।
অন্যদিকে মঙ্গলবার বাঁকুড়ার জয়পুরে একটি বেসরকারি হোটেলে আলু ব্যবসায়ীদের নিয়ে বৈঠক হয় । তবে সেখানেও মেলেনি সমাধান সূত্র। তাই বাঁকুড়ার বৈঠক সফল না হলেও আজ হুগলিতে ফের পর্যালোচনা বৈঠক হতে চলেছে। আর সেখানে কর্মবিরতি প্রত্যাহার করা নিয়ে সরকার পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে ইতিবাচক সিদ্ধান্ত হতে পারে বলে সমিতি আশা প্রকাশ করেছে।
কী কারণে এই ধর্মঘট? ব্য়বসায়ীদের অভিযোগ, রাজ্যের সীমান্তগুলিতে বেড়েছে পুলিশের জুলুমদারি। সেই প্রতিবাদে গত সোমবার থেকে কর্মবিরতি শুরু করে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। এ জন্য হিমঘর থেকে আলু বেরোনো প্রায় বন্ধ হয়ে গিয়েছে। আর তাতে বাজারে কমেছে আলুর জোগান। বুধবার কোনও বাজারে ৪০, কোথাও ৪৫ টাকা কিলো দরে জ্যোতি আলু বিক্রি হচ্ছে। চন্দ্রমুখী ৫০ পার করেছে। আর তাতে কার্যত মাথায় হাত পড়েছে মধ্যবিত্তদের। এই আবহে এদিনের বৈঠকে কী সিদ্ধান্তে উপনীত হয় সেই দিকেই তাকিয়ে রয়েছে সকলে।