নিজস্ব প্রতিনিধিঃ সোমবার ত্রিপাক্ষিক বৈঠকেও মিলল না স্বস্তি। সোমবার থেকে ধর্মঘটে নামতে চলেছে আলু ব্যবসায়ীরা । আর তাতেই আশঙ্কা করা হচ্ছে আগামী দিনে খোলাবাজারে আলুর দাম বৃদ্ধি হতে চলেছে গোটা রাজ্য জুড়ে । তাতে মাথায় হাত পড়বে আমজনতার। তবে ধর্মঘট হলেও ব্যবসায়ীদের সঙ্গে মঙ্গলবার রয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটির বৈঠক ।
ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে কড়াকড়ি শিথিল করার জন্য রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্নার উপস্থিতিতে সোমবার হয় ত্রিপাক্ষিক বৈঠক। আর সেই বৈঠকের পর আলু ব্যবসায়ীরা জানান, ‘ বৈঠকে রাজ্যের কৃষি বিপণনমন্ত্রীর কাছে আলু রফতানিতে কড়াকড়ির বিষয়টি শিথিল করার অনুরোধ জানিয়েছিলেন তাঁরা। কিন্তু তাতে আশ্বাস দিতে পারেননি মন্ত্রী । তাই জন্য ফের ধর্মঘটে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।‘ পাশাপাশি রাজ্যের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক লালু মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘মন্ত্রীর সঙ্গে আমরা সোমবার দুপুরে বৈঠকে বসেছিলাম। কিন্তু সেই বৈঠকে কোনও সমাধানসূত্র মেলেনি। তাই আবার ধর্মঘটে নামছি।‘
অন্যদিকে নবান্নের তরফে জানান হয়েছে, হিমঘরগুলিতে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আলু সংরক্ষণ করতে পারবেন ব্যবসায়ীরা। এরজন্য উত্তরবঙ্গের হিমঘরগুলির জন্য কুইন্টাল পিছু ১৯ টাকা ১১ পয়সা এবং দক্ষিণবঙ্গের হিমঘরগুলির জন্য ১৮ টাকা ৬৬ পয়সা বাড়তি ভাড়া গুনতে হবে সংরক্ষণকারীদের। এই আবহে এবার ধর্মঘটে বসতে চলল আলু ব্যবসায়ীরা । তবে কবে থেকে ধর্মঘট তুলবেন আলু ব্যবসায়ীরা তা এখন জানা যায়নি।