নিজস্ব প্রতিনিধিঃ ভিন রাজ্যে আলু রফতানি বন্ধ রাখার বিষয়ে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে বৈঠকে মিলল না কোনও রফাসূত্র। তাই সোমবার রাত থেকেই ধর্মঘটে নেমেছে আলু ব্যবসায়ীরা। আর তার জেরেই বাজারে বাড়ল আলুর দাম। কোথাও দু’টাকা, কোথাও কোথাও আবার আট থেকে ন’টাকা পর্যন্ত বেড়েছে আলুর দাম। আর তাতেই চিন্তায় পড়েছে মধ্যবিত্তরা।
মঙ্গলবার বর্ধমান, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর সহ একাধিক জেলায় আলুর দাম আকাশছোঁয়া। ধর্মঘটের পর সল্টলেকের দিকে জ্যোতি, চন্দ্রমুখী— প্রায় কেজি প্রতি তিন টাকা করে দুই জাতের আলুরই দাম বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে বর্ধমান বাজারে জ্যোতি আলু বিক্রি হচ্ছে ৩৬ টাকা কিলো দরে। চন্দ্রমুখী আলু কিলো প্রতি ৪০ টাকা। ঠিক তেমনি রাজ্য জুড়ে একাধিক জেলায় বাজারে হু হু করে বাড়ছে আলুর দাম।
আলুর দাম বৃদ্ধি প্রসঙ্গে বেচারাম মান্না জানিয়েছেন, ‘ আমাদের রাজ্যে এখন যা আলু আছে, তা আগামী ৪০-৪৫ দিনের জন্য পর্যাপ্ত। তবে টানা বৃষ্টির জন্য ডিসেম্বরের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে আসবে না নতুন আলু।‘ বলা বাহুল্য, ডিসেম্বর মাস পড়ে গেলেও বাজারে নতুন আলুর দেখা নেই। তারজেরেই কর্মবিরতির কারণে যদি হিমঘরগুলিতে আলু বের না হয়, বাজারজাত না হয়, তাতে পুরনো আলুর দামই কেজিতে ৪০ টাকা ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।