নিজস্ব প্রতিনিধিঃ আত্মহত্যা করলেন তেলেঙ্গানার করিমনগর জেলার চপ্পাডান্ডি আসনের কংগ্রেসের বিধায়ক মেদিপল্লি সত্যমের স্ত্রী রূপা দেবী। বৃহস্পতিবার রাতে বিধায়কের স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সাইবারাবাদ কমিশনারেটের পেটবাশিরাবাদ পুলিশ সূত্রে খবর, রাত ১০টা নাগাদ রূপা দেবী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। তবে এখন পর্যন্ত কোন সুইসাইট নোট পাওয়া যায়নি।
সূত্রের খবর , রূপা দেবী যখন আত্মহত্যা করেন সেইসময় তাঁর পরিবারের বেশ কয়েকজন বাড়িতে ছিলেন। অনেকবার ডাকাডাকির পর দরজা না খোলায় বাধ্য হয়ে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভাঙে। আর রূপাদেবীর ঝুলন্ত দেহ তারা দেখতে পান। এরপর তাঁকে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে আলওয়াল থানার পুলিশ হাসপাতালে পৌঁছে বিধায়কের স্ত্রীর মৃত দেহ ময়নাতদন্তের জন্য গান্ধী হাসপাতালের মর্গে পাঠায়। ইতিমধ্যেই পুলিশ এই ঘটনার পর একটি মামলা দায়ের করেছে। সূত্রের খবর, বিধায়ক মেদিপল্লি সত্যমের সঙ্গে স্ত্রীর কিছু বিষয় নিয়ে মনমালিন্য চলছিল। তবে তারা দুজনেই আলওয়ালের পঞ্চশীল কলোনির বাড়িতেই থাকতেন। তাহলে কি কারণে রূপা দেবী আত্মহত্যা করলেন তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। ম্প্রতি বিধানসভা নির্বাচনে করিমনগর জেলার চোপাডান্ডি আসন থেকে কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন সত্যম। এই ঘটনার পর বিধায়কে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ।